মংলায় নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার
বাগেরহাটের মংলায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ তিনজনের মধ্যে আজ মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন রাজমিস্ত্রী মাশিদুল ইসলাম (১৯) ও রাজমিস্ত্রী শামীম (১৮)।মংলার কোস্টগার্ড কেন্দ্রের সামনে মংলা নদী থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা এ দুজনের ভাসমান লাশ উদ্ধার করেন। অপর নিখোঁজ স্কুলছাত্র মোহনের সন্ধানে অভিযান চলছে।নিহত মাশিদুল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ার রফিকুল ইসলামের ছেলে। শামীম একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।গতকাল সোমবার সকালে মেহেরপুরের আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে সুন্দরবন ভ্রমণে আসে এক দল পর্যটক। তারা করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে যাওয়ার সময় তাদের বহনকারী ট্রলারটি ফুয়েল জেটির কাছে মংলা নদীতে উল্টে যায়। এতে ওই তিনজন নিখোঁজ হন।মংলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সাত্তার শেখ জানান, নিহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের লাশ শনাক্ত করেন। লাশ দুটি তাঁদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার লোকমান হাকিমও বিষয়টি নিশ্চিত করেছেন।