মংলায় পানির জন্য হাহাকার
লোনাপানি অধ্যুষিত মংলা উপজেলায় খাবার পানির জন্য হাহাকার চলছে। এ কারণে সাধারণ মানুষের জীবনধারণ দুর্বিষহ হয়ে পড়েছে।সরেজমিনে মংলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ঘুরে দেখা যায়, খাবার পানির প্রধান উৎস পুকুর শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র আকাল চলছে।মংলা পৌরসভা সূত্রে জানা গেছে, মংলা পৌরবাসীর অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির। দ্বিতীয় শ্রেণীর এ পৌরসভার বয়স প্রায় তিন যুগ হলেও পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত এখানে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা চালু করতে পারেনি। এ ছাড়া এখানকার নলকূপগুলোতে লোনাপানি ওঠে। এ কারণে অধিকাংশ পৌরবাসীকে বর্ষা মৌসুম ছাড়া বছরের অন্য সময়ে বাধ্য হয়েই পুকুরের পানির মাধ্যমে খাবার পানির চাহিদা মেটাতে হয়। পৌরসভার হার্ডওয়ার ব্যবসায়ী কাজল জানান, বর্তমানে পানির সংকটের কারণে শহরবাসীকে গোসল করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। পৌর এলাকার অনেক পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় গৃহস্থালিসহ নিত্যপ্রয়োজনীয় নানা কাজেও পর্যাপ্ত পানি মিলছে না।মংলা পৌরসভার বাজার মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম বলেন, কোনো কোনো মসজিদের মুসল্লিদের অজু করতে হচ্ছে লোনাপানি দিয়ে। আবার কয়েকটি মসজিদের পুকুরের পানি একেবারে শুকিয়ে যাওয়ায় সেখানকার মুসল্লিরা বাড়ি থেকে অজু করে মসজিদে নামাজ পড়তে আসছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া রোগী আদম হাওলাদার জানান, হাসপাতালে যে পুকুর থেকে পানি সরবরাহ করা হয়, তা পান করা দূরে থাক, নিত্যপ্রয়োজনীয় কাজেই ব্যবহার করা যায় না।মংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব জানান, সরকারের জনস্বাস্থ্য অধিদপ্তর মংলা পৌর এলাকায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের একটি প্রকল্পের কাজ ২০০৭ সালে শুরু করলেও ২০১০ সাল পর্যন্ত এর কাজ শেষ হয়নি। মংলা উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম কায়েস জানান, খুব দ্রুত এ প্রকল্পের কাজ শেষ হবে।পৌর শহরের পাশাপাশি গ্রামগুলোর অবস্থা আরও ভয়াবহ। বাগেরহাট জেলা পরিষদের অফিস সহকারী মো. শফিইল্লাহ বলেন, মংলা উপজেলায় জেলা পরিষদের পুকুর আছে ২৫টি। কিন্তু মাত্র পাঁচটি পুকুর ছাড়া অন্য সব পুকুরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মাছ চাষ করেন। ফলে জনসাধারণ সেখান থেকে পানি সংগ্রহ করতে পারে না। এ ছাড়া ব্যক্তিগত যেসব পুকুর আছে এগুলোর অধিকাংশেরই পানি শুকিয়ে গেছে। মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের তাহিদুজ্জামান জানান, ক্ষেত্রবিশেষে পাঁচ-ছয় কিলোমিটার দূরে হেঁটে গিয়ে মহিলাদের খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। মিঠেখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, পাশের রামপাল থানার একটি পুকুরের পানির ওপর মংলার চারটি গ্রামের প্রায় দশ হাজার লোককে নির্ভর করতে হচ্ছে।মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম বলেন, একটি বেসরকারি সংস্থা ডি-স্যালাইনেশনের মাধ্যমে লবণাক্ত পানিকে পানের উপযোগী করে তুলেছে। সরকারি উদ্যোগে তা সম্প্রসারিত করে গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে পারলে এ সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুর রহমান বলেন, ‘সরকারি উদ্যোগে গ্রাম পর্যায়ে যেসব পুকুর আছে সেগুলো সংরক্ষণ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে পুকুর খননের প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’