মংলায় ২ মাস ধরে পারিশ্রমিকের টাকা পাচ্ছেন না ৫৬০০ দিনমজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি গরিব অসহায়। আমার স্বামী মাটি কাটার কাজ করতেন। স্বামী অসুস্থ বলে ৬ মাসের সন্তান পেটে নিয়ে আমি তাঁর জায়গায় মাটি কাটার কাজ করেছি। কাজ করার এক পর্যায়ে আঘাত পেয়ে আমার পেটের সন্তান নষ্ট হয়ে যায়। আমি অসুস্থ হয়ে যাই। এ অবস্থায় সাহায্য দূরে থাক, শ্রমের বকেয়া মজুরি চেয়েও আমি পাইনি। তাঁরা কি মানুষ?’ মংলার জয়মনিরঘোল এলাকার দিনমজুর মর্জিনা বেগম (৩০) এভাবেই তার অসহায়ত্বের কথা প্রকাশ করেন। তাঁর মতো মংলার বিভিন্ন এলাকার পাঁচ হাজার ছয় শ দিনমজুর পরিশ্রমের মজুরি পাননি।সরেজমিন জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মসৃজন কার্যক্রমের আর্থিক সহায়তায় ২০০৯ সালের ৫ নভেম্বর মংলার ছয়টি ইউনিয়নে বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণ কাজ শুরু করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। নদীর পাড় দিয়ে প্রায় ৫০ কিলোমিটারের এ রাস্তা ও বাঁধ নির্মাণের ব্যয় ধরা হয় পাঁচ কোটি ছয় লাখ টাকা। শুধু জয়মনিরঘোল থেকে চিলা বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা ও বেড়িবাঁধ নির্মাণে কাজ করেছেন স্থানীয় ৪২৪ জন অসহায় দরিদ্র নারী-পুরুষ। এভাবে ছয়টি ইউনিয়নে ভিন্ন ভিন্ন ব্লকে কাজ করেছেন পাঁচ হাজার ৬০০ শ্রমিক। প্রতিদিন জনপ্রতি দেড় শ টাকা হাজিরায় দুমাস কাজ করিয়ে তাঁদের দেওয়া হয়েছে মাত্র ২০ দিনের টাকা। বাকি ৪০ দিনের টাকার জন্য আজ নয়, কাল এভাবে দুমাস ধরে ঘুরছেন হতদরিদ্র লোকজন। দিনমজুর সাইফুল (৩৫), রানু বেগম (৩৯), তাসলিমা (২৭), শেফালী (১৯), ইদ্রিস (৩০) ও শাহ আলমসহ (৩২) শতাধিক নারী-পুরুষ অভিযোগ করেন, পৌষ-মাঘের শীতের মধ্যে খেয়ে না খেয়ে তাঁরা কাজ করেছেন। দুমাস কাজ করিয়ে নিয়ে ২০ দিনের টাকা দিয়েছেন, বাকি টাকার জন্য দুই মাস ধরে ঘোরাচ্ছেন। শ্রমিক দলনেত্রী হালিমা বেগম (৩০) বলেন, ‘টাকার জন্য শেলাবুনিয়ার আরআরএফের অফিসে গেলে তাঁরা বারবার তারিখ দেন। কিন্তু কোন তারিখেই টাকা দেন না।’ একই অভিযোগ করেন বিভিন্ন এলাকায় কর্মরত দিনমজুরেরা। সুন্দরবন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বর আবু তালেব বলেন, ‘রাস্তা ও বাঁধের কাজ ঠিকমতো হচ্ছে না। রাস্তার প্রস্থ ও উচ্চতা নিয়মানুযায়ী যতটুকু হওয়ার কথা কাজের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। মূলত জোয়ারের পানিতে যেন এলাকা ডুবে না যায়, সে জন্য এ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নির্মিত বাঁধের বিভিন্ন স্থান দিয়ে এখনও জোয়ারে লবণ পানি ঢুকছে। আর বর্ষা মৌসুমে পানির চাপ বৃদ্ধি পেলে এ বাঁধ টিকবে না। তা ছাড়া কাজ শেষ পর্যায়ে, কিন্তু এখনও বাকি থাকা অনেক জায়গায় মাটি পড়েনি।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ‘টাকা না দেওয়ার অভিযোগ আমার কাছেও এসেছে। আমি ডব্লিউএফপি এবং আরআরএফের প্রতিনিধিকে দ্রুত টাকা পরিশোধ করার কথা বলেছি। তাঁরা চলতি সপ্তাহে টাকা দেবে বলে জানিয়েছেন।’আরআরএফের জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, ‘এলজিইডির অনুমোদন সাপেক্ষে ডব্লিউএফপির কাছ থেকে টাকা আসতে বিলম্ব হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে আমরা কিছু বকেয়া টাকা দিয়েছি। দ্রুত পুরো টাকা দেওয়ার জন্য ডব্লিউএফপিকে বলেছি। তবে কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি, যে ত্রুটি-বিচ্যুতি রয়েছে তা ঠিক করা হবে।’