মংলায় ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ অনুষ্ঠিত
গণতন্ত্র, সংবিধান, আইনকানুন, নির্বাচন-প্রক্রিয়া, নাগরিক অধিকার ও আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৮ জুলাই মংলায় অনুষ্ঠিত হয়েছে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’। সুজনের আয়োজনে শ্রমিক সংঘ মিলনায়তনে অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে অংশ নেওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে গ্রুপ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ ২০ জনকে পদক ও ক্রেস্ট দেওয়া হয়েছে। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক গাজী তৈয়বুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, সুজনের খুলনা সভাপতি জাফর ইমাম, মংলা সভাপতি এম এ মান্নান, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ গোকুল চন্দ্র বিশ্বাস, সুদান হালদার ও মংলা প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান প্রমুখ।