বিডিআর হত্যা মামলায় সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদিনসহ চারজনকে সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।আজ সোমবার বিডিআর হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামান সমন জারির এ আদেশ দেন।অন্য দুজন হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং লে. কর্নেল জাহান আরা বেগম।আজ সকাল সাড়ে নয়টায় বিচার কার্যক্রম শুরু হয়। আজ সাক্ষ্য দিয়েছেন বিডিআর বিদ্রোহে নিহত ঢাকা সেক্টরের কমান্ডার মজিবুল হকের স্ত্রী মেহেরীন ফেরদৌস, লে. কর্নেল শামসুল আজমের স্ত্রী মুনমুন আক্তার, ডা. স্নিগ্ধা সরকার এবং বিডিআর হাসপাতালের সেবিকা সেলিনা সুলতানা, আকলিমা আক্তার ও সাবিনা ইয়াসমিন।