মইন ‘জিয়া’ হতে চেয়েছিলেন: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের ষড়যন্ত্রের ফল হিসেবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ইতিপূর্বে অবৈধ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। মইনউদ্দিন-ফখরুদ্দীন সরকার ছাড়াও তারা এরশাদের অবৈধ সরকারকে স্বীকৃতি দিতে ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিল।’ গতকাল রোববার লন্ডনের গ্রোসভেনোর হোটেলের মিলনায়তনকক্ষে বিএনপি যুক্তরাজ্য শাখার কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।খালেদা জিয়া বলেন, জেনারেল মইন আওয়ামী লীগের সঙ্গে গোপন চুক্তি করে ‘বিশ্বাসঘাতক’ নির্বাচন কমিশনের মাধ্যমে সাজানো নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। তিনি বলেন, ‘মইনউদ্দিন (আরেক) জিয়া হতে চেয়েছিলেন। তবে বাস্তবতা হলো, তিনি দেশে ফিরলে তাঁকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণ যদি তাঁকে রাস্তায় পায়, তাহলে তাঁকে ধরে ধোলাই দেবে।’ তিনি আরও বলেন, ‘মইনউদ্দিন-ফখরুদ্দীন সরকার ছিল ‘চোর সরকার’। এ কারণে তাঁদের দুজনকেই জনগণের ভয়ে দেশ ছাড়তে হয়েছে। খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ফখরুদ্দীন ছিলেন ‘ঠুঁটো জগন্নাথ’, মইন উ আহমেদ পেছন থেকে সবকিছু করতেন। মইন উ আহমেদের পেছনে ছিল কিছু বিদেশি শক্তি। যারা মুখে ‘মাইনাস টু’-এর কথা বলত, আসলে তারা ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা বাস্তবায়ন করে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’ সন্ধ্যার দিকে খালেদা জিয়া হোটেলের গ্রেট হলে সমাবেশে প্রায় ৫৫ মিনিট বক্তব্য দেন। এ সময় হল ছিল কানায় কানায় পূর্ণ। হলের বাইরেও কর্মী-সমর্থকদের ভিড় ছিল। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন। বিএনপি যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, শমসের মবিন চৌধুরী, ওসমান ফারুক, মহিদুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আবদুস সালাম।