বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমানে মধ্যবর্তী নির্বাচন ছাড়া জাতির সামনে অন্য বিকল্প কোনো পথ খোলা নেই। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ প্রসঙ্গে বলেন, ‘মইনউদ্দিন জিয়া হতে চেয়েছিলেন।’গত রোববার লন্ডনের গ্রোসভেনোর হোটেলের মিলনায়তন কক্ষে বিএনপি যুক্তরাজ্য শাখার কর্মী সমাবেশে ভাষণদানকালে বেগম জিয়া এসব কথা বলেন। খবর ইউএনবির।খালেদা জিয়া বলেন, জেনারেল মইন উ আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের ষড়যন্ত্রের ফল হিসেবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ইতিপূর্বে অবৈধ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। মইনউদ্দিন-ফখরুদ্দীন সরকার ছাড়াও তারা এরশাদের অবৈধ সরকারকে স্বীকৃতি দিতে ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়েছিল।’ খালেদা জিয়া বলেন, জেনারেল মইন আওয়ামী লীগের সঙ্গে গোপন চুক্তি করে ‘বিশ্বাসঘাতক’ নির্বাচন কমিশনের মাধ্যমে সাজানো নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। তিনি বলেন, ‘মইনউদ্দিন জিয়া হতে চেয়েছিলেন। তবে বাস্তবতা হলো, তিনি দেশে ফিরলে তাঁকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জনগণ যদি রাস্তায় পায়, তাহলে তাঁকে ধরে গণধোলাই দেবে।’ তিনি আরও বলেন, ‘মইনউদ্দিন-ফখরুদ্দীন সরকার ছিল ‘চোর সরকার’। এ কারণে তাঁদের দুজনকেই জনগণের ভয়ে দেশ ছাড়তে হয়েছে। খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ফখরুদ্দীন ছিলেন ‘ঠুঁটো জগন্নাথ’, মইন উ আহমেদ পেছন থেকে সবকিছু করতেন। মইন উ আহমেদের পেছনে ছিল কিছু বিদেশি শক্তি। যারা মুখে ‘মাইনাস টু’-এর কথা বলত, আসলে তারা ‘মাইনাস ওয়ান’ ফর্মুলা বাস্তবায়ন করে বিএনপিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। রোববার সন্ধ্যার দিকে খালেদা জিয়া হোটেলের গ্রেট হলের সমাবেশে প্রায় ৫৫ মিনিট বক্তব্য দেন। এ সময় হল ছিল কানায় কানায় পূর্ণ। হলের বাইরেও কর্মী-সমর্থকদের ভিড় ছিল। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। খালেদা জিয়া তাঁর বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সীমান্তসমস্যা, সংবিধানের সংশোধনী, যুদ্ধাপরাধীদের বিচার, বিচার বিভাগে দলীয়করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বলেন, ফখরুদ্দীন ও মইন উ আহমেদ নিজেদের পিঠের চামড়া বাঁচাতে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন। ২০০৮ সালের এই নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপির যুক্তরাজ্য শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু, শমসের মবিন চৌধুরী, ওসমান ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আবদুস সালাম।