মইনসহ দায়ী সেনা কর্মকর্তাদের বিচার চাইলেন সাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মারধর করা হয়, তাঁদের রিমান্ডে নেওয়া হয়। সে সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনায় তাদের মান গেছে। কিন্তু বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনীর ৫৭ সদস্য নিহত হওয়ার এক বছর পার হয়ে গেলেও তারা ঘরে বসে বিচার প্রক্রিয়া দেখছে। এখন তাদের মান যায় না?আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাকা চৌধুরী এসব কথা বলেন। ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও পিলখানায় শহীদদের স্মরণে’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সাকা চৌধুরী আরও বলেন, সেদিন সাহায্য চাওয়ার পরও সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের বাঁচাতে ব্যর্থ হওয়ায় তত্কালীন সেনাপ্রধান মইন উ আহমেদসহ দায়ী সেনা কর্মকর্তাদের বিচার হওয়া প্রয়োজন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সাকা চৌধুরী বলেন, ‘আপনার প্রতি আমার দুর্বলতা আছে, এটা সবাই জানে। কাজেই আমি চাই, আপনি শক্তিশালী প্রধানমন্ত্রী হন। কিন্তু ষড়যন্ত্রকারীরা আপনার আশপাশে। দুধের গন্ধ যায়নি এমন মন্ত্রীরা যা খুশি তাই বলছেন।’সংসদ সম্পর্কে সাকা চৌধুরী বলেন, ‘সংসদ এখন মৃত মানুষের কথা বলার জায়গা। জনগণ আমাদের জীবিত মানুষের কথা বলার জন্য ভোট দিয়েছে। কিন্তু সংসদে এখন মৃত মানুষদের ছাড়া কোনো কথা হয় না।’