মইনুল হোসেন চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবচেতন মনে মৃত্যুচিন্তা যোদ্ধার নিত্যসঙ্গী। কিন্তু একজন অধিনায়ক মৃত্যুর এই ভাবনাকে ক্রমাগত পরাজিত করেন। তিনি সব ভয়কে লুকিয়ে রাখেন আশাবাদী আচরণের আড়ালে।’নিজের লেখা এক জেনারেলের নীরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক বইয়ে স্বাধীনতাযুদ্ধের শেষ দিনগুলো অধ্যায়ে যেমনটি লিখেছিলেন, নিজের জীবনের শেষ দিনগুলোতেও ফুসফুসের ক্যানসার নিয়ে যেন তা-ই অনুসরণ করে গেছেন মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধের বিজয়ী সৈনিক হার মেনেছেন ক্যানসারের কাছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় ঢাকায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে গত ৬ অক্টোবর তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী রুবী চৌধুরী, মেয়ে আমব্রিন চৌধুরী, ছেলে আসিফ চৌধুরীসহ আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল বাদ জোহর সেনানিবাস মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁর মরদেহ বনানীর সেনানিবাস কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর জানাজা ও দাফনে সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ নেয়। সেনানিবাস কবরস্থান সড়ক থেকে সুসজ্জিত শকটে করে তাঁর মরদেহ কবরস্থানে নেওয়া হয়। সেখানে সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে। দাফন শেষে দেওয়া হয় পবিত্র তোপধ্বনি। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সেনাপ্রধান তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জীবনবৃত্তান্ত: মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী ১৯৪৩ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৪ সালে নিয়মিত কমিশন লাভ করে পদাতিক ব্যাটালিয়নে নিয়োজিত হন। ১৯৬৫ সালে তিনি পাক-ভারত যুদ্ধে অংশ নেন এবং আজাদ-কাশ্মীর সেনাবাহিনীতে নিয়োজিত হন। ১৯৭০ সালে তিনি মেজর হিসেবে পদোন্নতি পান। ১৯৭১ সালের ১৯ মার্চ থেকে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তিনি প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে সম্মুখসমরে নেতৃত্ব দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রথম ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে সাত শতাধিক সেনা নিয়ে ঢাকায় প্রবেশ করেন। মুক্তিযুদ্ধে তাঁর অনন্য সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে। ১৯৭২-৭৩ সালে তিনি ব্যাটালিয়ন অধিনায়ক, রাষ্ট্রপতির সামরিক সচিব, ঢাকার ৪৬ ব্রিগেড ও লগ এরিয়ার অধিনায়ক এবং অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের শেষদিকে তাঁকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। ১৯৭৭ সালে তাঁকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৮ সালে ব্রিগেডিয়ার পদে এবং ১৯৮০ সালে মাত্র ৩৭ বছর বয়সে তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।১৯৮২ সালে জেনারেল মইনকে প্রেষণে ফিলিপাইনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। পরে তিনি যথাক্রমে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি লাওস, নিউজিল্যান্ড, ফিজি ও পাপুয়া নিউগিনিতে বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার হিসেবে সমবর্তী দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ব্যাংককে অবস্থিত এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর অর্থনৈতিক ও সামাজিক কমিশনে (ESCAP) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। থাইল্যান্ডে রাষ্ট্রদূত থাকাকালীন সামরিক বিষয়ে বিশেষ অবদানের জন্য রাজকীয় থাই সরকার জেনারেল মইনকে সম্মানসূচক রাজকীয় থাই সেনাবাহিনীর স্পেশাল ওয়ার ফেয়ার এয়ারবোর্ন উইং প্রদান করে। ১৯৯৭ সালে তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের ফেলো মনোনীত হন। ১৯৯৮ সালে তিনি অবসরগ্রহণ করেন।দৈনিক প্রথম আলোতে ১৯৯৮ সাল থেকে তিনি কলাম লেখা শুরু করেন। তাঁর মুক্তিযুদ্ধবিষয়ক বই এক জেনারেলের নীরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক বেশ পাঠকপ্রিয়তা পায়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে নিযুক্ত হন। শোক: মইনুল হোসেন চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।কুলখানি: আগামী শুক্রবার মইনুল হোসেন চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন বাদ আসর গুলশানে তাঁর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।