মইনের বিরুদ্ধে টুকুর মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে করা সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দায়ের করা ক্ষতিপূরণের মামলা খারিজের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মইনের পক্ষে করা খারিজের আবেদনটি ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক এস এম সাইফুল ইসলাম আজ রোববার নামঞ্জুর করেন। গত ১২ জুলাই সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করেন। এর আগে মইন উ আহমেদের পক্ষে আদালতে দাখিল করা ওকালতনামা ও আইনজীবী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দরখাস্ত দেন মামলার বাদী সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ২০ অক্টোবর এ বিষয়ে শুনানির পর মইন উ আহমেদের পক্ষে আদালতে দাখিল করা ওকালতনামার বৈধতা ঘোষণা করেন আদালত। ওই দিনই আদালত মামলা খারিজের আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেন। মামলার আরজিতে বলা হয়, জোট সরকারের আমলে বিদ্যুত্ খাতে মোট বাজেট ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন সংবাদমাধ্যমে জেনারেল মইন অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের সময় ২০ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। এতে বাদী (তখনকার বিদ্যুত্ প্রতিমন্ত্রী) চরমভাবে অপমানিত হয়েছেন।