মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা স্থগিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের করা একটি মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা এই মামলা বাতিল চেয়ে মওদুদের করা আবেদন গত রোববার খারিজ করে দেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে মওদুদ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে ১১ অক্টোবর শুনানির জন্য বিষয়টি পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।আদালতে মওদুদ আহমদের পক্ষে রফিক-উল হক, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান ।মাহবুব উদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করার এই মামলার কার্যক্রম এখন স্থগিত থাকবে। জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে ওই মামলাটি করে। ২০০৮ সালের ১৪ মে নিম্ন আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মওদুদ আহমদ মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত চলতি বছরের ২৯ জানুয়ারি রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন। এরপর মওদুদ মামলাটি বাতিল চেয়ে আবেদন করলে আদালত গত রোববার আবেদনটি খারিজ করে দেন।