মওদুদের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট
সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও আনোয়ারুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি নেতা মওদুদ আহমদের কৌঁসুলি আহসানুল করিম প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলাটি বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল। আজ মামলার আদেশের জন্য দিন ধার্য ছিল। আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আদালত বলেছেন আবেদনকারী চাইলে অন্য আদালতে আবেদনটি পেশ করতে পারেন। অন্য আদালতে আবেদনটি পেশ করা হবে বলেও তিনি জানান।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্পদ বিবরণীতে সাত কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক গুলশান থানায় মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা করে।