মওদুদের কুশপুত্তলিকা পুড়িয়েছে যুবদল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কুশপুত্তলিকায় আগুন দিয়েছেন যুবদলের একদল কর্মী। আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর নয়াপল্টনে স্কাউট মার্কেটের সামনে এই কুশপুত্তলিকা পোড়ানো হয়।মওদুদের ছবি সংবলিত কোট পরানো কুশপুত্তলিকাটির বুকে ‘জিয়াকে খুনি হিসেবে সাক্ষী দানকারী দালাল মওদুদের বিচার চাই’ লেখা ছিল। কুশপুত্তলিকা পোড়ানোর পর মওদুদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে যুবদলের কর্মীরা ঘটনাস্থল ছাড়েন।২০ মে কর্নেল তাহের হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই রায়ে বলা হয়, ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেছিলেন। এ ক্ষেত্রে রায়ে হাইকোর্ট উদাহরণ টানেন মওদুদ আহমদের লেখা ‘ডেমোক্রেসি অ্যান্ড চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট: এ স্টাডি অব পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ বই থেকে। কিন্তু তাঁর বইয়ের ওই উদ্ধৃতি সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে পরে মওদুদ ব্যাখ্যা দেন।