মওদুদের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদের করা এক রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করেন। আদালতে মওদুদের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।এ মামলায় গত ১৬ জানুয়ারি মওদুদ আহমদ হাইকোর্ট থেকে জামিন পান। এর আগের দিন তাঁর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে মামলাটি করেন।আদালত থেকে বেরিয়ে আহসানুল করিম প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত রুল জারি করে বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন।মামলার আরজিতে বলা হয়, মওদুদ আহমদ একজন সাবেক সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর হিসাব বিবরণীতে তথ্য গোপন করে আয়কর দিয়েছেন। আয়কর বিবরণীতে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত নয়টি কর বছরে মোট ২৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮ টাকার আয় গোপন করেছেন। এর ওপর প্রযোজ্য ছয় কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা আয়কর তিনি ফাঁকি দিয়েছেন। মামলায় আটজনকে সাক্ষী করা হয়েছে।