মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি চেম্বার বিচারপতি।হাইকোর্টেরে আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আদালত ‘নো অর্ডার’বলেছেন। আজ বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।এর আগে মওদুদ আহমদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। এ আদেশে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। দুপুরে আবেদনের ওপর শুনানি হয়। আদালতে মওদুদ আহমদের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। আহসানুল করিম প্রথম আলো অনলাইনকে বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। ফলে মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশই বহাল থাকছে। অন্যদিকে মো. সোহরাওয়ার্দী বলেন, আদালত নো অর্ডার দিয়েছেন এবং নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলেছেন। জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে ওই মামলাটি করে। নিম্ন আদালতে ওই মামলার অভিযোগ আমলে নেওয়ার পর বর্তমানে অভিযোগ গঠনের শুনানি চলছে।