মওদুদের বিরুদ্ধে মামলা ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে করা দুদকের মামলার বিষয়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যদের বেঞ্চ মওদুদ আহমদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ওই দিন বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। মওদুদ আহমদের পক্ষে মামলা পরিচালনা করেন আহসানুল করিম।পরে খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, চেম্বার বিচারপতি ওই মামলায় বিচারক আদালতের কার্যক্রমে যে স্থগিতাদেশ দিয়েছিলেন, তার মেয়াদ ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৮ অক্টোবর আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের ওই মামলা বাতিল চেয়ে মওদুদের করা আবেদন ৭ অক্টোবর খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মওদুদ আহমদ ৯ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত স্থগিতাদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য ১১ অক্টোবর নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে ওই মামলা করে।