মওদুদের মামলা বাতিলের আবেদন খারিজ
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের করা মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে মওদুদ আহমদ ও আহসানুল করিম শুনানি করেন। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন খুরশীদ আলম খান। সাংবাদিকদের খুরশীদ আলম বলেন, আদালত মামলার বাতিল আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মামলার কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে ওই মামলাটি করে। ২০০৮ সালের ১৪ মে নিম্ন আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মওদুদ আহমদ মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত চলতি বছরের ২৯ জানুয়ারি রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।