মকবুল ফিদা হুসেনকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের খ্যাতিমান চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনকে কাতার নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। প্রখ্যাত এ শিল্পীর বেশির ভাগ চিত্রকর্মে উঠে এসেছে ঘোড়ার ছবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাতারের কাছ থেকে নাগরিকত্বের প্রস্তাব পাওয়ার পর পেনসিল দিয়ে আঁকা ঘোড়ার এক রেখাচিত্রে হুসেন লিখেছেন, ‘আমি ভারতীয় বংশোদ্ভূত চিত্রকর। বয়স ৯৫। কাতার নাগরিকত্ব দিয়ে আমাকে সম্মানিত করেছে।’ ভারতের সংবাদপত্র দ্য হিন্দুতে হুসেনের আঁকা ওই ছবি প্রকাশিত হয়। সংবাদপত্রটির সম্পাদক এন রাম জানান, মকবুল দুবাই থেকে তাঁকে ওই চিত্রকর্ম পাঠান। পরে তিনি তাঁর পত্রিকায় সেটি প্রকাশ করেছেন।হুসেন নাগরিকত্বের জন্য আবেদন না করলেও কাতারের ক্ষমতাসীন আমির পরিবার তাঁকে এ সম্মানে ভূষিত করেছে। হুসেনের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু আলোকচিত্রী ও নকশাবিদ রাম রহমান জানান, কাতারের শেখের স্ত্রী হুসেনকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছেন। তবে এর সঙ্গে আরও অনেক ব্যাপার জড়িয়ে আছে। এ ব্যাপারে ব্যক্তিগত অভিমত জানতে চাইলে রহমান বলেন, ‘আমি মনে করি ৯৫ বছরের একজন বৃদ্ধ, যিনি চাইলেও মৃত্যুর সময় নিজ দেশ ভারতে আর ফিরতে পারবেন না, সেখানে তাঁর ভারতীয় নাগরিক হয়ে থাকার কোনো সংগত কারণ নেই।’ ঘটনাটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে রহমান আরও বলেন, যদি হুসেন কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনি আর ভারতের নাগরিক থাকবেন না। আর যদি তিনি কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে এটি ভারতের আইনি ব্যবস্থার ওপরও প্রভাব ফেলবে। কারণ, হুসেনের বিরুদ্ধে ২০-৩০ বছর ধরে বিভিন্ন মামলা চলছে। তাই কাতারের নাগরিকত্ব মকবুল গ্রহণ করছেন কি না, তার ওপরই সবকিছু নির্ভর করছে।