মকবুল মিয়ার কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মকবুল মিয়ার বয়স ৮৪ বছর। মবিলের পুরোনো কনটেইনার বিভিন্ন গ্যারেজ থেকে কিনেন। ২০০-৩০০টি কনটেইনার জমা হলে বিক্রি করেন। একটা কনটেইনার কেনা পড়ে ২০ টাকা, বিক্রি করেন ২৫ টাকা করে। প্রতিদিন ১৫০-২০০ টাকা লাভ থাকে।মকবুল থাকেন মালিবাগের পাবনা কলোনিতে। ঘরভাড়া দেন এক হাজার ৮০০ টাকা। তিনি জানান, প্রায় ৩৫ বছর ধরে ঢাকায় আছেন। দীর্ঘদিন বেবিট্যাক্সি চালিয়েছেন। তাঁর তিনটি বেবিট্যাক্সি ছিল। বছর দশেক আগেও তিনি বেবিট্যাক্সি চালিয়েছেন। ‘এখন শরীরে শক্তি নাই, চোখেও দেখি কম।’ বলেন মকবুল মিয়া।তাঁর দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে সিরাজের সিএনজি অটোরিকশার গ্যারেজ আছে গোড়ানে। ছোট ছেলে মুনির একটা কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন, এখন জেলে আছেন। মকবুলের মেয়ে সাবা রামপুরায় স্বামীর সঙ্গে থাকেন। মেয়েজামাই অটোরিকশার চালক। মকবুল জানান, ছেলেরা কেউ তাঁকে খেতে-পরতে দেয় না। তাঁর কাছে কিছু টাকা ছিল। বড় ছেলে সিএনজি অটোরিকশা কেনার জন্য জোর করে সেই টাকা নিয়ে যায়।মকবুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলিতে। বছরের ছয় মাস সেখানে জমিজমা পানির নিচে থাকে। তখন কাজকর্ম থাকে না। এ জন্য মকবুল গ্রাম ছেড়ে ঢাকা চলে এসেছেন। অনেক কিছু করে শেষে বেবিট্যাক্সির চালকের কাজ করেছেন। তাঁর স্ত্রী ১০ বছর আগে মারা গেছেন। ছেলেমেয়েরা যার যার সংসার নিয়ে ব্যস্ত। কেউ বৃদ্ধ মকবুল মিয়াকে রাখতে রাজি হয়নি। বাধ্য হয়ে মকবুল মিয়া চেনাশোনা গ্যারেজ থেকে মবিলের খালি কনটেইনার খুঁজে বিক্রি করতে শুরু করেন। এতে তাঁর থাকা-খাওয়ার টাকা হয়ে যাচ্ছিল। তিনি জানান, তাঁর ছোট ছেলে মুনির একটা খুনের মামলায় এখন জেলে। তার সম্ভবত সাজা হয়ে যাবে। এ জন্য মকবুলকে উকিলের কাছে দৌঁড়াতে হয়। তাঁর জমানো টাকা-পয়সা শেষ। গ্রামের বাড়িতে কিছু বসতভিটা ছিল, তাও বিক্রি করে দিয়েছেন। মুনিরের বউ ও ছোট দুটি বাচ্চা আছে। মকবুল বলেন, ‘এদ্দিন বউটা বাসার জিনিসপত্র বেইচা খাইছে। অহন তো আর কিছু নাই। নাতি দুইডা উপোস থাহে।’