মকবুলসহ জামায়াতের ১১ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তাঁদের সবার মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রমনা থানার মামলায় ১১ জন এবং পল্টন থানার মামলায় ছয়জনের বিরুদ্ধে এই আদেশ দেন। আদালত যথাক্রমে ২০ ও ১৩ অক্টোবর পলাতক আসামিদের গ্রেপ্তার ও মালামাল ক্রোক-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।রমনা থানার মামলায় অন্য যাঁদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, শফিকুর রহমান, মহানগর কমিটির বর্তমান আমির রফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফকরুদ্দিন মানিক, সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন ওরফে সাঈদী (ঠাকুরগাঁও), আবদুল মোমেন, রবিউল ইসলাম ওরফে মাসুদ, সরদার নূরুল হক, আবুল হাসেম মুন্সি ও আবদুল বাকি হাওলাদার ওরফে বাচ্চু।পল্টন থানার মামলায় মুজিবুর রহমান, মকবুল আহমাদ, শফিকুর রহমান, ফকরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন ও রফিকুল ইসলাম খানকে পলাতক দেখিয়ে পরোয়ানা জারি করা হয়েছে।গত ২৯ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে রমনা থানায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির এ টি এম আজহারুল ইসলামসহ ১২০ জন এবং পল্টন থানায় ১৬১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর ১২ কেন্দ্রীয় নেতাসহ দুই-তিন হাজার নেতা-কর্মীতে আসামি করে নয়টি মামলা করা হয়। রাজধানীর রমনা ও পল্টন থানায় এসব মামলা হয়। এর মধ্যে পাঁচটি মামলার পুলিশ এবং চারটি মামলা ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা দায়ের করেন।পরের দিন নয়টি মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার করা ১৮৩ জনকে ১৯ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।