মকবুলের ছেলের গাড়িতে চালকের লাশ
আওয়ামী লীগের সাবেক সাংসদ মকবুল হোসেনের ছোট ছেলে মুজিবুল ইসলামের গাড়ি থেকে চালক হানিফ সিকদারের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে । আজ শুক্রবার ভোরে উত্তরা থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ গাড়িতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোরের দিকে থানার টহলরত পুলিশ উত্তরার ৭ নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পশ্চিম পাশে সাদা রঙের একটি প্রাইভেটকারে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। লাশটি হাত-পা বাঁধা অবস্থায় গাড়ির পেছনের সিটে উপুড় হয়ে পড়েছিল। লাশের সারা শরীরে জখমের চিহ্ন ছিল ও মুখে রক্ত ছিল। গাড়ির দরজা খোলা ছিল। প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। এসআই আরও বলেন, গাড়িটি তল্লাশি করে বিভিন্ন কাগজপত্র, একটি মুঠোফোন ও গাড়ির চাবি পাওয়া গেছে। মুঠোফোনের একটি নম্বরে ফোন করলে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের এক কর্মকর্তা ধরেন। তাঁর কাছ থেকেই নিহত ব্যক্তির পরিচয়, গাড়ির মালিকের নামসহ বিভিন্ন তথ্য জানা যায়। জানা যায়, সাবেক সাংসদ মকবুল হোসেনের ছেলে মুজিবুল ইসলাম ওই ইনস্যুরেন্সের একজন পরিচালক। গাড়িটি কোম্পানির নামে হলেও তিনি তা ব্যবহার করতেন। উদ্ধার মুঠোফোনটি হানিফের।মুজিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইনস্যুরেন্স ছাড়াও সাভারে তাঁর কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। গতকাল বৃহস্পতিবার সকালে গুলশান ২ নম্বরের ৫৪ নম্বর সড়কের বাসা থেকে চালক হানিফসহ গাড়িতে করে তিনি সাভারে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আবার ধানমন্ডিতে একটি অনুষ্ঠানে যান। রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে যান তিনি। এ সময় গ্যাস নেওয়ার কথা বলে হানিফ গাড়ি নিয়ে বের হয়। পরে সারা রাত আর তিনি ফেরেননি। আজ সকালে তিনি দুর্ঘটনার খবর পান। মুজিবুল বলেন, হানিফ সাধারণত আশপাশের ফিলিং স্টেশন থেকে গ্যাস নেন। তাঁর জানা মতে, উত্তরায় তাঁর কোনো আত্মীয় নেই।মুজিবুল আরও বলেন, হানিফ প্রায় চার বছর ধরে তাঁর চালক হিসেবে আছেন। গুলশানের বাসায় থাকতেন হানিফ। কে বা কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তিনি ধারণা করতে পারছেন না। তবে হানিফ বেশির ভাগ সময় ফোনে কথা বলতেন। এ জন্য বিভিন্ন সময় তিনি তাঁকে বকাঝকাও করেছেন বলে জানান।ওই বাসার নিরাপত্তাকর্মী আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে হানিফ তাঁর মুঠোফোনে ফোন করেন। হানিফ জানান, তিনি মোহাম্মদপুরে এক বোনের বাসায় আছেন, আসতে দেরি হবে।জানতে চাইলে সাবেক সাংসদ মকবুল হোসেন বলেন, তাঁর এমন কোনো শত্রু নেই, চালককে মেরে হুমকি দেওয়া হবে। চালকের মুঠোফোন যাচাই করে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান তিনি। উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা যে কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, তা স্পষ্ট। এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। থানায় এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’ হানিফের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের গাবুয়া গ্রামে। তাঁর বাবার নাম আমিরুদ্দিন। হানিফ দুই সন্তানের জনক ছিলেন।