মক্কার পথে: রোমাঞ্চকর এক অভিজ্ঞতা
ইতিহাস তার কালের সাক্ষী হয়ে থাকে। ব্রিটিশ মিউজিয়ামে সম্প্রতি আয়োজিত এক প্রদর্শনীতে তেমনি হজ যাত্রার ইতিহাসকে তুলে আনা হয়েছে। সেই প্রাচীনকাল থেকেই বিপদসংকুল যাত্রাপথ আর মৃত্যুকে উপেক্ষা করেও ঐশ্বরিক আনন্দ লাভের আশায় বিভিন্ন দেশ থেকে মক্কার উদ্দেশে ছুটে গেছে হজ কাফেলা। যাত্রাপথে বেদুইনদের আক্রমণ, তৃষ্ণা, যুদ্ধ আর প্রতিকূলতার মুখে ১৭৫৭ সালে ২০ হাজার হজ যাত্রী মারা গেছে। মক্কার পথে যেতে যে রোমাঞ্চ আর এর ফলে আরবের অর্থনীতির চাকা সচল হওয়ার ইতিহাসও ব্রিটিশ মিউজিয়ামের এ প্রদর্শনীর মাধ্যমে উঠে এসেছে। ব্রিটিশ মিউজিয়াম এ প্রদর্শনীর নাম দিয়েছে ‘দ্য রোড টু মক্কা’ বা মক্কার পথে। এ আয়োজনের পুরোটাই মক্কার পথে হজ যাত্রীদের ইতিহাস ঘিরে। এ আয়োজনে হজ যাত্রীদের পথ নির্দেশিকা, তাঁদের ব্যবহূত পোশাক বিভিন্ন চিত্র ও প্রাচীন বিভিন্ন উপকরণের সাহায্যে মুসলিম সংস্কৃতি ও হজ যাত্রার ইতিহাস তুলে আনা হয়েছে। তবে উপাদানের চেয়েও ইসলামের ইতিহাস ও ঐতিহ্যই এ আয়োজনে মুখ্য হয়ে উঠেছে। এ প্রদর্শনীতে রয়েছে হজ যাত্রাপথে চিহ্ন দেওয়ার উপকরণ, যাত্রাপথে ব্যবহূত স্বর্ণমুদ্রা, পোশাক আর বিভিন্ন পাত্র। প্রতিটি উপকরণের সঙ্গে ইতিহাসের বিভিন্ন সময় ও ঘটনা জড়িয়ে রয়েছে। ১৯৩০ সালে তেল আবিষ্কারের পূর্ব পর্যন্ত আরবের আয়ের প্রধান উত্স ছিল হজ। তবে ওই সময় হাজিদের সংখ্যা ছিল কম। এর কারণ ছিল হজ যাত্রা পথের নানা প্রতিকূলতা। হজের কাফেলাকে পাড়ি দিতে হতো দুর্গম বিশাল মরুভূমি। সিরিয়া, কায়রোর পাশাপাশি আফগানিস্তান, পশ্চিম আফ্রিকা ও ইন্দোনেশিয়া থেকে প্রচুর হজ যাত্রীকে এ মরুভূমি পেরিয়ে হজের জন্য আসতে হতো। এ সময়কার বেশকিছু নিদর্শন রয়েছে এ প্রদর্শনীতে। পরের দিকের আর্টিফ্যাক্টের মধ্যে রয়েছে একটি গাইডবুক ও যাত্রাপথের বিভিন্ন ঘটনার বর্ণনা। উত্তর আফ্রিকা থেকে আসা হজ যাত্রীদের ঘটনা এতে স্থান পেয়েছে। ইসলামের ইতিহাস ও হজ যাত্রীদের বিভিন্ন ঘটনা এতে রয়েছে। বাগদাদের আব্বাসীয়, মিসরের মামলুক ও ইস্তাম্বুলের অটোমানরা প্রতিবছর বিশাল হজ কাফেলা পাঠাত। তাদের হজযাত্রার বিভিন্ন বিষয় ইতিহাসসহ বয়ান রয়েছে। ব্রিটিশ গবেষক স্যার রিচার্ড বাটনের অভিজ্ঞতার কথাও এখানে রয়েছে। তিনি ১৮৫৩ সালে আফগান এক ডাক্তারের ছদ্মবেশে হজ কাফেলার সঙ্গে গিয়েছিলেন করেছিলেন। বার্টনের বর্ণনায় হজের ইতিহাস, মুসলমানদের একাগ্র ধর্ম সাধনা আর ঐশ্বরিক আনন্দের কথা উঠে এসেছে। প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে আসা হজ যাত্রীদের যাত্রাপথের নির্দেশিকাও রয়েছে। প্রদর্শনীতে আরও রয়েছে বার্টন ব্যবহূত পানির পাত্র। ইস্তাম্বুল থেকে আসা কানোপিও স্থান পেয়েছে। এ ছাড়া প্রদর্শনীতে ২০০৬ সালের ১০ বছর বয়সী এক ব্রিটিশ মেয়ের লেখা একটি দিনপঞ্জিকাও রয়েছে। (নিউজ উইক অবলম্বনে)