মক্কায় হাজিদের বাড়িভাড়া নিয়ে যা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজের সময় হজযাত্রীরা কাবা শরিফের আশপাশে থাকতে চান। এ জন্য অনেকে বাড়িভাড়া বাবদ বেশি অর্থও দেন। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় আসা অনেক বাংলাদেশিরই এই আশা পূরণ হয় না। বাড়ি কাছে বললেও বাস্তবে দেখা যায় অনেক দূরে। এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা থেকে আসা এক হজযাত্রী বলেন, ‘ঢাকাইয়া একটা কথা চালু আছে, “দেখাইছে মুরগি, খাওয়াইছে ডাইল।” আমাদের অবস্থাও তাই।’মক্কার প্রতিটি বাড়ির ধারণক্ষমতা অনুযায়ী তাসরিয়া (হাজি থাকার জন্য চার মিটার জায়গা) থাকে। হজের সময় প্রতিটি বাড়ির প্রবেশমুখে তাসরিয়া টাঙানো থাকে। তাসরিয়া অনুযায়ী বাড়ি ভাড়া হয়। শয্যাপ্রতি ভাড়া তিন হাজার ২০০ থেকে চার হাজার ৫০০ সৌদি রিয়াল। মক্কায় ভালো মানের হোটেল জিলকদ মাসের ২৬ তারিখ থেকে ১৪ জিলহজ পর্যন্ত উচ্চমূল্যে তাসরিয়া বিক্রি করে।খোঁজ নিয়ে জানা যায়, এবার বেশ কিছু এজেন্ট ফিতরা পদ্ধতিতে মক্কায় হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা করেছে। ফিতরা শব্দের অর্থ স্থানান্তর। ফিতরা হয় তিন পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, জিলকদ মাসের ১ থেকে ২৫ তারিখে মসজিদুল হারাম (কাবা শরিফ) থেকে এক হাজার মিটারের মধ্যে ভালো মানের হোটেলে আবাসন। ২৫ তারিখের পর তাঁদের ১০ দিনের জন্য মদিনায় নেওয়া হয়। মদিনা থেকে আনা হয় মক্কার আজিজিয়া (হারাম থেকে দূরে) এলাকায়। হাজিকে বলা হয়, আজিজিয়া থেকে মিনা কাছে।দ্বিতীয় পদ্ধতি, হজযাত্রীরা সৌদি আরবে এসেই মিনায় চলে যাবেন। পরে মদিনায় থাকবেন ১০ দিন। মদিনা থেকে মক্কায় ফিরবেন। হজ শেষে অনেক হাজি নিজ দেশে ফিরে যাওয়ায় ভালো হোটেলে ভিড় কম থাকে, বাড়িও পাওয়া যায় কম ভাড়ায়।তৃতীয় পদ্ধতি হলো, কিছু এজেন্ট কাবা শরিফ থেকে বেশ দূরে নুজহা, সরাইয়া, সৌকিয়া, গেছলা এলাকায় হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করেন। এগুলোর ভাড়া কম। হজযাত্রীদের বলা হয়, নামাজের সময় বাসে করে কাবা শরিফে আনা-নেওয়া করা হবে। তবে এ রকম স্থানে থাকা কয়েকজন অভিযোগ করেন, দু-তিন দিন বাসে করে আনা-নেওয়া করে এলাকার মসজিদে নামাজ আদায় করতে বলা হয়। তাঁরা হজ মিশন না চেনায় অভিযোগও করতে পারেন না। ৭ জিলহজ তাঁরা মিনায় যান। হজ শেষে মদিনায় যান। মদিনায়ও দূরের বাসায় রাখা হয়। হজের পর দেশে ফিরতে ব্যস্ত থাকায় অভিযোগ থাকলেও হাজিরা তা করেন না। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ক্ষেত্রে এসব পদ্ধতি বেশি হচ্ছে। তবে সরকারি ব্যবস্থাপনায় ফিতরা পদ্ধতি নেই। এক বাড়িতেই হাজি ৪২ দিন থাকেন। এবারের বাড়ির মানও ভালো।মক্কাপ্রবাসী বাংলাদেশি মাকসুদ সেলিম জানান, কাবা শরিফ থেকে বাড়ির দূরত্ব অনুসারে ভাড়ার তারতম্য হয়। মক্কার মিসফালাহ (কেদুয়া, মুন্সিয়াবাজার, কবুতরের মাঠ) গাজ্জা, সেবে আমির, দাখালা, হারাতুশ রশদ, সিন্ধি মসজিদসহ বিভিন্ন এলাকার বাড়ির মালিকের সঙ্গে দালালদের যোগাযোগ থাকে। এসব বাড়ি দেখাশোনার দায়িত্বে সাধারণত বাংলাদেশিরা থাকেন। বাংলাদেশিরা বেশি থাকেন মিসফালায়। সেখানে বাংলাদেশি খাবারের হোটেল আছে। এ সুযোগ নেন দালালেরা। তাঁরা হজ এজেন্সির মালিকদের জিম্মি করে বেশি ভাড়া নেন।জানা যায়, দালালেরা চার মাস (রজব, শাবান, রমজান ও শাওয়াল) ধরে সম্ভাব্য বাড়ি ঠিক করে কৃত্রিম সংকট তৈরি করেন। বাংলাদেশের এজেন্সির মালিকেরা রমজান ও শাওয়াল মাসে বাড়ি ভাড়া করতে আসেন। শেষ মুহূর্তে আসায় তাঁরা বাধ্য হয়ে দালালদের মাধ্যমে বেশি ভাড়ায় বাড়ি নেন। মক্কার বেশির ভাগ বাড়ির মালিকদের পক্ষে তাঁদের উকিল (প্রতিনিধি) কাজ করেন। উকিলেরাও সুযোগ পেলে বেশি টাকা আদায় করেন।ওয়েবসাইট হালনাগাদ: প্রতিদিন হজযাত্রীদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হচ্ছে। সব তথ্য পাওয়া যাচ্ছে এই ঠিকানায় www.hajj.gov.bd।জেদ্দা বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ থেকে গতকাল সোমবার পর্যন্ত ৮১ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।আরও একজনের মৃত্যু: পবিত্র হজ পালন করতে এসে আরও এক বাংলাদেশি মারা গেছেন। তিনি হলেন চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহাম্মদ আলী জিন্নাহ (৫৫)। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ নিয়ে এবার ১৬ জন বাংলাদেশি হাজি মারা গেলেন।