পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কাল শুক্রবার পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন। জারদারির ঘনিষ্ঠ এক নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে।পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানমন্ত্রী পদের জন্য দলটির নেতা মখদুম শাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছে। শাহাবুদ্দিন বিদায়ী মন্ত্রিসভায় বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করার পরদিন প্রেসিডেন্ট জারদারি পার্লামেন্ট অধিবেশন ডাকলেন।প্রেসিডেন্টের কার্যালয় থেকে গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জারদারি আগামী শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করেছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় এ অধিবেশন শুরু হবে।পাকিস্তানের বিদায়ী তথ্যমন্ত্রী কামার জামান কাইরা বলেন, ‘শুক্রবারের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচন করা হতে পারে।’ তিনি জানান, পার্লামেন্টের স্পিকার আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন।পিপিপির কো-চেয়ারম্যান ও প্রেসিডেন্ট জারদারির সভাপতিত্বে গত মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী পদের জন্য মখদুম শাহাবুদ্দিনের নাম চূড়ান্ত করা হয়। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন আহ্বানেরও সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধানমন্ত্রী পদে দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ে পিপিপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। এরই মধ্যে জারদারি রাজনৈতিক দল উলেমা-ই-ইসলামকে (জেইউআই-এফ) নতুন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দলটিকে তিনটি মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেন জারদারি। তবে দলটি জারদারির প্রস্তাব নাকচ করে দিয়েছে।পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ৩৪২ আসনের মধ্যে পিপিপির ১২১টি আসন রয়েছে।প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডের আদালতে দায়ের হওয়া অর্থ পাচারের মামলা পুনরায় চালু করতে সুইজারল্যান্ড সরকারকে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। গিলানি সেই নির্দেশ পালন না করায় গত ২৬ এপ্রিল তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এ জন্য আদালত তাঁকে প্রতীকী দণ্ড দিয়েছিলেন। গিলানি এর বিরুদ্ধে আপিল করেননি। এরপর আদালত গত মঙ্গলবার গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের সদস্যপদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এএফপি, জিয়ো নিউজ, ডন, আইএএনএস।