মগবাজার থেকে অবৈধ ভিওআইপির সরঞ্জাম উদ্ধার
র্যাব রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে আজ মঙ্গলবার অবৈধ ভিওআইপির সরঞ্জাম উদ্ধার করেছে। বাড়িওয়ালা ও ভাড়াটে মিলে এ ব্যবসা শুরু করেছিলেন। উদ্ধার হওয়া সরঞ্জামের দাম কোটি টাকার বেশি বলে র্যাব দাবি করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।র্যাব-৪-এর মেজর সাব্বির সিদ্দিকী বলেছেন, প্রযুক্তিগতভাবে শনাক্ত করে ওই বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে ৪০টি সুইচ, সহস্রাধিক সিমকার্ড, কম্পিউটার যন্ত্রাংশ, প্রচুর কেবল ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মগবাজার গ্রিনওয়ে আবাসিক এলাকার ৭ নম্বর বাসার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলার বিভিন্ন কক্ষ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানের সময় র্যাব-৩, রমনা থানা পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সঙ্গে ছিলেন।র্যাব কর্মকর্তা আরও জানান, ওই বাড়িটির মালিকের ছেলে মহিউদ্দীন ও তার বন্ধু হাসান এ অবৈধ ব্যবসার উদ্যোক্তা। তিন তলায় বাড়িওয়ালার ফ্ল্যাটে যন্ত্রপাতি রাখা হয়েছে। চার তলার একটি ফ্ল্যাট পুরো ভাড়া নিয়েছিলেন হাসান। সেই ফ্ল্যাটের দুটি কক্ষ ভর্তি ছিল যন্ত্রপাতিতে ভরা। ওই কক্ষ দুটিই মূল সার্ভার হিসেবে কাজ করত। ওই ফ্ল্যাটের আরেকটি কক্ষে ফোরকান ও সুমাইয়া নামে এক দম্পতি থাকেন। তারা মূলত যন্ত্রপাতিগুলোর তত্ত্বাবধানকারী হিসেবে কাজ করেন।র্যাব জানায়, প্রায় এক বছর ধরে ওই বাড়িটিতে অবৈধ যন্ত্রপাতি স্থাপন করে ভিওআইপির ব্যবসা চালানো হচ্ছিল। এখন কোন সংস্থা তাদের ব্যান্ডউইথ সরবরাহ করছিল, সে বিষয়টিও খতিয়ে দেখবে র্যাব।র্যাবের হাতে আটক ফোরকান জানান, তাঁর চাচাতো ভাই শাহাদতের বন্ধু হাসান। হাসান তাঁকে ওই ফ্ল্যাটের একটি কক্ষে বিনা ভাড়ায় থাকতে দিয়েছিলেন। তিনি এসব অবৈধ কর্মকাণ্ড সম্বন্ধে কিছুই জানেন না বলে দাবি করেন। এক বছর ধরে তিনি ওই বাসায় থাকেন।ফোরকান জানান, তাঁর পাশের দুটি কক্ষে সারা দিনই ফ্যান চলত। আর কক্ষ দুটি বাইরে থেকে তালা মারা থাকত।