মঙ্গল শোভাযাত্রায় সমুদ্রজয়ের আনন্দ, একাত্তরের ঘাতকের বিচারের দাবি (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রজয়ের আনন্দের পাশাপাশি একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি উঠে এসেছে এবারের মঙ্গল শোভাযাত্রায়। বাঙালির প্রাণের উত্সব বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তবে সেই শোভাযাত্রা এখন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কিংবা ওই পরিমণ্ডলে সীমাবদ্ধ নেই। ক্রমশ এটি হয়ে উঠেছে বাংলাদেশের সব শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায়। এই যাত্রায় শামিল হয়ে নতুন বছরে দেশ-দশের মঙ্গল কামনা করেছেন বিভিন্ন বয়সের মানুষ।আজ শনিবার সকাল সোয়া নয়টার দিকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রার শুরুর দিকে ছিল ৪০ ফুট দীর্ঘ সাম্পান। সম্প্রতি বাংলাদেশের সমুদ্রজয়কে উদযাপন করতেই সমুদ্রের সাম্পান চলে এল রাজধানীর এই মঙ্গল শোভাযাত্রায়।

তবে এই আনন্দের পাশাপাশি মানুষ স্মরণ করেছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতন-নিপীড়নের কথা। স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবিতেও সোচ্চার হয়েছে মঙ্গল শোভাযাত্রায় শামিল হওয়া মানুষ। সেই ঘাতকদের তুলে ধরা হয়েছে ভয়ংকর চেহারার দানব আকৃতিটি দিয়ে।মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে রূপসী বাংলা হোটেলের সামনে দিয়ে ঘুরে শাহবাগ মোড় পর্যন্ত এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল হাতি, ঘোড়া, বাঘ, ময়ূর ও পাখির প্রতিকৃতি এবং নানা রঙের মুখোশ।