মঙ্গলপ্রদীপ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে, ঠিক ওই সময়টাতেই পুরান ঢাকার স্বামীবাগে বাবা লোকনাথ আশ্রমে চলছিল লোকনাথ-ভক্তদের উপবাস ভাঙার আয়োজন। কলাপাতা, ফুল, ধান-দূর্বা, মাটির প্রদীপ, ঘি, ফল, দুধ নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। পিতলের গামলায় ভক্তরা দুধ ঢেলে, আগরবাতি জ্বালিয়ে উৎসব শুরু করেন। তারপর বাড়ি থেকে আনা ফলমূল লোকনাথ মূর্তির সামনে রেখে তুলে আনেন নিজের জন্য। লোকনাথ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মাচার রাখের উপবাস। এটি একটি প্রার্থনা অনুষ্ঠান হলেও এখন উৎসবে পরিণত হয়েছে। প্রতিবছর স্বামীবাগে বাবা লোকনাথের আশ্রমে সেই চিত্রই চোখে পড়ে। বাবা লোকনাথের অনুসারীরা উৎসবের আগের রাতে নিরামিষ খেয়ে পরের দিন উপোস থাকেন। দুপুরের পর থেকেই উপবাসীরা হাজির হন আশ্রমে। আশ্রমে যে যেখানে জায়গা পান, সেখানেই কলাপাতা বিছিয়ে যাঁর ঘরে যতজন সদস্য আছে, ততটা মঙ্গলপ্রদীপ সাজিয়ে বসে থাকেন। প্রদীপগুলো প্রজ্বলনের আগ পর্যন্ত প্রার্থনায় থাকেন তাঁরা। তাঁদের সামনে কলাপাতার ওপর প্রদীপের সঙ্গে নানা রকম ফলও সাজানো থাকে। সূর্যাস্তের ঘণ্টা বেজে উঠতেই উলুধ্বনির মধ্য দিয়ে সবাই ঘিয়ের প্রদীপ জ্বালাতে শুরু করেন। একসঙ্গে জ্বলে ওঠে শত শত প্রদীপ। পুরো প্রাঙ্গণে যেন আলোর নাচন শুরু হয়। মাঝেমধ্যেই উলুধ্বনি দিয়ে ওঠেন সবাই। ঘিয়ের প্রদীপ জ্বলে শেষ হলে পুরো পর্বটি শেষ হয়।বাবা লোকনাথের আশ্রমে আসা উপবাসীরা জানালেন, প্রদীপগুলো জ্বলে শেষ হতে হতে রাত আটটা-নয়টা বেজে যায়। এই আশ্রমের ছোট্ট প্রাঙ্গণ ছাড়িয়ে তার তিন পাশে পাঁচতলা পর্যন্ত লোকে-লোকারণ্য ছিল রাখের উপবাসের কয়েকটা দিন। কার্তিক মাসে শনি ও মঙ্গলবার হয় রাখের উপবাস। এ উপলক্ষে ১২ নভেম্বর স্বামীবাগের আশ্রমে ছিল বিশেষ আয়োজন। ওই দিন মূল চত্বরে একই রকম টি-শার্ট পরেছিল পুরুষেরা, আর নারীদের পরনে ছিল একই নকশার শাড়ি। রাখের উপবাসের শেষ দিন ছিল ১৫ নভেম্বর। কারণ, সরকারি বর্ষপঞ্জিতে ওই দিন অগ্রহায়ণের প্রথম দিন হলেওআয়োজকদের অনুসরণ করা পঞ্জিকার হিসাবে ওই দিন ছিল কার্তিক মাসের শেষ দিন।