মঙ্গলবার ঢাকায় বিএনপির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২৯ জানুয়ারি) ঢাকায় সমাবেশ করবে দলটি।ওই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী মার্চ মাসে জাতীয় কাউন্সিল করবে বিএনপি।আজ রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে রাত নয়টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সোয়া ১০টায়। আজ জাতীয় সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম বলেছেন, ‘এটা রাষ্ট্রপতির ভাষণ না, এটা সরকারি দলের ভাষণ। তিনি দলীয় নেতার মতো ভাষণ দিয়েছেন, এটা শোভন হয়নি।’ বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন।