মঙ্গলবার থেকে হুমায়ূন আহমেদের চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিকিৎসা আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোআন কেটারিং ক্যানসার সেন্টারে ওই দিন তাঁকে প্রথম দফা কেমোথেরাপি দেওয়া হবে। দ্বিতীয় দফা কেমোথেরাপি দেওয়া হবে ১১ দিন বিরতি দিয়ে।ক্যানসার সেন্টারের ইন্টারন্যাশনাল অনকোলজির পরিচালক স্টিফেন আর ভ্যাচের তত্ত্বাবধানে হুমায়ূন আহমেদের চিকিৎসা চলবে। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে জানানো হয়েছে, প্রতি দফা কেমোথেরাপি ১১ দিন বিরতিতে দেওয়া হবে। কোলন ক্যানসার নিরাময়ের জন্য হুমায়ূন আহমেদকে মোট ছয়টি কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই তাঁর শরীরের ক্যানসার নিরাময়ের ব্যাপারে চিকিৎসকেরা আশাবাদী।গত বৃহস্পতিবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্যানসার সেন্টারে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন হুমায়ূন আহমেদ। হঠাৎ করেই তাঁর রক্তচাপ বেড়ে যায় বলে সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন।সিঙ্গাপুর থেকে পাওয়া শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্লেষণ করে ভ্যাচ চিকিৎসার ব্যাপারে হুমায়ূন আহমেদকে বিস্তারিত ধারণা দেন। অস্ত্রোপচারের প্রয়োজন হবে না এবং কেমোথেরাপির মাধ্যমেই রোগ থেকে সেরে ওঠা সম্ভব—এমন কথা শুনে তিনি স্বস্তি বোধ করেন। তাঁর রক্তচাপও স্বাভাবিক পর্যায়ে নেমে আসে।নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে হুমায়ূন আহমেদ তাঁর স্বজনদের নিয়ে আছেন। পুস্তক বিক্রেতা ও প্রকাশনা সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিত্ সাহা জনপ্রিয় এ লেখকের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। তিনি জানিয়েছেন, চিকিত্সা শুরুর মুহূর্তে মানসিকভাবে ভালো আছেন হুমায়ুন আহমেদ। চিকিত্সা ও যাতায়াতের সুবিধার জন্য গেস্টহাউস ছেড়ে শিগগিরই ভাড়া বাসায় উঠবেন তিনি। এ জন্য গত শুক্রবার থেকেই ঘর খোঁজা হচ্ছে।