মঙ্গলবার বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
আগামী মঙ্গলবার থেকে ঢাকার চারপাশের নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। প্রথম দিনেই বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর ও নবাবগঞ্জ এলাকায় অভিযান হবে। এ ছাড়া তুরাগ, শীতলক্ষ্যা, বালু নদী ছাড়াও ধলেশ্বরী নদীর আংশিক এলাকায় উভয় তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। ঢাকা জেলা প্রশাসনের তালিকার ভিত্তিতে এই অভিযান হবে। জেলা প্রশাসন ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এই তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, ঢাকার চারপাশের চার নদীর ১৬৩ কিলোমিটার আয়তন নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী নদীগুলোর উভয় তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার মধ্যে পাকা স্থাপনা ২৮০টি, আধা পাকা ৫২০টি এবং টিনশেডের টংঘরসহ অন্যান্য ৯৩০টি অবৈধ স্থাপনা রয়েছে।এ ছাড়া চারটি নদীর উভয় তীরে অবৈধভাবে মাটি ও বালু ফেলে ভরাটকৃত অংশের ২৫১৯টি স্থানের তালিকা প্রস্তুত করা হয়েছে।বিআইডব্লিউএর পরিচালক মো. মাহবুবুল আলম প্রথম আলোকে জানান, মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়ে আগামী নভেম্বর মাস পর্যন্ত চলবে।