সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের দাবিতে আগামী মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া মঙ্গলবার সংবাদপত্রগুলো সম্পাদকীয় প্রকাশ করবে। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় কাল সোমবার বিশেষ প্রতিবেদন প্রচার করা হবে।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমের প্রধান এবং তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিক নেতাদের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) একযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই কর্মসূচি পালন করবে।মতবিনিময় সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান এবং প্রবীণ সাংবাদিকেরা মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। তাঁরা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সব সাংবাদিকের প্রতি আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন দি ইন্ডিপেনডেন্টের সম্পাদক মাহাবুবুল আলম, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক সংগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল আমিন, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনায়েম, বার্তাপ্রধান শাহ আলমগীর প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, কামাল উদ্দিন, সৈয়দ আবদাল আহমদ, আবদুস শহীদ, ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান প্রমুখ।