মঙ্গলবারের ফ্লাইট বুধবার জেদ্দাগামী ২৭৯ যাত্রীর সীমাহীন ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের একটি উড়ো-জাহাজের যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি আরবের জেদ্দা শহরগামী ২৭৯ জন যাত্রী ১৬ ঘণ্টা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাত একটায় উড়োজাহাজটির উড্ডয়নের কথা ছিল। ১৬ ঘণ্টা বিমানবন্দরে থাকার পর গতকাল বুধবার বিকেলে তাঁদের একটি হোটেলে নেওয়া হয়। বিমানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত পৌনে ১২টায় এই যাত্রীদের নিয়ে উড়োজাহাজের চট্টগ্রাম ত্যাগ করার কথা।চট্টগ্রাম বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. সামাউন সরকার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঢাকায় এটির ত্রুটি সারানোর চেষ্টা চলছে। এ কারণে ‘বিজি-০০৩৭’ নম্বরের ফ্লাইটটি মঙ্গলবার রাত একটায় গন্তব্যের উদ্দেশে যেতে পারেনি। ত্রুটি সারানো সাপেক্ষে এটি বুধবার রাত পৌনে ১২টায় জেদ্দার উদ্দেশে রওনা হবে বলে আশা করছি।’ যাত্রীদের অভিযোগ, গত মঙ্গলবার রাত ১১টার আগেই জেদ্দাগামী যাত্রীরা চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে যান। তাঁদের অভিবাসন (ইমিগ্রেশন) প্রক্রিয়া শেষ হওয়ার পর বিমানবন্দর থেকে বোর্ডিং কার্ড দেওয়া হয়। পরে জানানো হয়, বিমান আসতে দেরি হবে, তাই ‘বিজি-০০৩৭’ নম্বরের ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে যাত্রা করতে পারবে না। যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকেন। কিন্তু ফ্লাইটের নতুন সূচি সম্পর্কে কেউ নিশ্চিত করে যাত্রীদের কোনো তথ্য দিচ্ছিলেন না। জেদ্দাগামী যাত্রী মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা আমাদের অপেক্ষা করতে বলা হয়। আমরা বিমানবন্দরে নির্ঘুম রাত কাটিয়েছি। কোনো হোটেলেও আমাদের স্থানান্তর করা হচ্ছিল না।’ যাত্রীদের অভিযোগ, ২৭৯ জন জেদ্দাগামী যাত্রী নির্ঘুম রাত কাটানোর পরও প্রবাসী কল্যাণ বিভাগের কর্মীরা কোনো খোঁজ নেননি। বিমানবন্দরের কর্মকর্তারাও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। চট্টগ্রাম বিমানবন্দরের প্রবাসী কল্যাণ বিভাগের কর্তব্যরত কর্মকর্তা আইয়ুব আলী কুতুবী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু বিমান নষ্ট হয়ে গেলে আমি তো আরেকটি বিমান এনে দিতে পারব না।’