মঙ্গা মোকাবিলায় উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে হবে। সেখানে সারা বছর কর্মসংস্থানের সুযোগ রাখতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে।আজ বুধবার মঙ্গাবিষয়ক একটি সমীক্ষার ফলাফল উপস্থাপনকালে এ কথা জানানো হয়।উন্নয়ন সংস্থা অক্সফাম থেকে পরিচালিত এ সমীক্ষায় দেখা গেছে, ২০০৯-১০ সালে দেশের মঙ্গা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এগুলোর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব নেই এবং এগুলো স্থায়ী নয়। মঙ্গা মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগগুলো বিচ্ছিন্ন ও অপর্যাপ্ত এবং ক্ষেত্রবিশেষে বণ্টনে ঝামেলা হয়ে থাকে। এসব ক্ষেত্রে জবাবদিহিরও ঘাটতি রয়েছে। স্থানীয়ভাবে নেওয়া উদ্যোগগুলোর সঙ্গে সরকারের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনার সমন্বয় নেই।সমীক্ষার ফলাফল উপস্থাপনকালে অক্সফাম বাংলাদেশের নীতি ব্যবস্থাপক জিয়াউল হক বলেন, সরকারের খাদ্যনিরাপত্তাবিষয়ক বিনিয়োগ পরিকল্পনা ও ভিশন-২০২১ মঙ্গা নির্মূলের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। মঙ্গা নির্মূলের জন্য সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, উত্তরাঞ্চলে তরল দুধ ও ডিম উত্পাদনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মঙ্গা মোকাবিলা করতে হলে এ দুটি শিল্পকে সহায়তা দিতে হবে।রাজধানীর বনানীতে অক্সফাম কার্যালয়ে সমীক্ষার ফলাফল উপস্থাপনকালে আরও বলা হয়, মঙ্গা এলাকায় নারীরা সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় থাকে। এ জন্য কৃষক হিসেবে তাঁদের স্বীকৃতি দিয়ে বিশেষ কর্মসূচি নিতে হবে এবং ঋণসহায়তা ও কৃষিবাজারে অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে।