আগামী অর্থবছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৬টি মঞ্জুরি দাবির বিপরীতে ১৫ জন সাংসদ ৮১১টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিরোধী দল সংসদে না থাকায় এগুলো নিয়ে আলোচনা হয়নি, কণ্ঠভোটে বাতিল হয়েছে। অধিবেশনে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম আটটি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করেছেন। সেগুলোও কণ্ঠভোটে বাতিল করা হয়েছে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে আজ বৃহস্পতিবার ছাঁটাই প্রস্তাবের আলোচনায় ফজলুল আজিম বলেন, মন্ত্রীর ওপর সুপার মন্ত্রী হিসেবে উপদেষ্টারা থাকবেন এর কোনো বিধান নেই। মন্ত্রিপরিষদে ৪২ জন মন্ত্রী আছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঝগড়া আছে। তিনি বলেন, ‘৪২ জন মন্ত্রীর দরকার নেই। একজন তো কালো বিড়াল খুঁজলেন। আবার লেজ গুটিয়ে চলে গেলেন। কিন্তু তাঁকে আবার পোর্টফোলিও ছাড়া মন্ত্রী করা হল। এগুলোর দরকার নেই।’এর জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ফজলুল আজিম অতীত ভুলে গেছেন। জিয়াউর রহমান একগাদা টেকনোক্র্যাট (নির্বাচিত নয়, কিন্তু বিশেষ যোগ্যতার কারণে) মন্ত্রী বানিয়েছিলেন। রাজাকারদের কীভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, তা সারা দেশ ও বিশ্ব জানে। তখন ফজলুল আজিম কোনো ত্রুটি দেখতে পাননি।’ মতিয়া চৌধুরী বলেন, ‘মজনুর দৃষ্টিতে দেখবেন না, অন্য দৃষ্টিতে দেখবেন—এটাই হলো আসল কথা।’ এরপর অপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় মতিয়া চৌধুরীকে উদ্দেশ করে ফজলুল আজিম বলেন, ‘ট্রেজারি বেঞ্চে (সরকারি দল) গেলে সবাই অতীতকে ভুলে যায়। তিনি একসময় লিডার অব দ্য প্রোলেতারিয়েত (সর্বহারার নেতা) ছিলেন। আমরাও তার পিছনে মিছিল করেছি। আমি ভোল পাল্টাইনি, জনগণের সাথেই আছি।’আজিম আরও বলেন, ‘নেতা ও দলের প্রতি আনুগত্যের কারণেই আজ আমাদের এই অবস্থা। অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে পড়ে থাকলেই অসুখ ভালো হয় না।’ তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বেডরুম কেন, অন্যান্য ছোট কামরাও রক্ষা করা সরকারের দায়িত্ব।’ফজলুল আজিম মঞ্জুরি দাবির ওপর কথা না বলে ‘অপ্রাসঙ্গিক’ কথা বলছেন বলে মন্তব্য করেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ফজলুল আজিম জনপ্রশাসন নিয়ে এর আগে বলেছিলেন, ‘আশরাফুল সাহেব ব্যস্ত মানুষ। যোগ্য প্রতিমন্ত্রী থাকায় তাঁকে মন্ত্রণালয়ে যেতে হয় না। উনি অন্য কাজে ব্যস্ত থাকেন।’আজিম বলেন, জ্যেষ্ঠ সচিবদের রাখা হয়েছে অযোগ্য সচিবদের সহায়তা দেওয়ার জন্য। পুলিশের আইজিকে জ্যেষ্ঠ সচিব করেছেন। অনেক আসন পেয়েছেন এবার জনগণের জন্য কিছু করেন।জনপ্রশাসন নিয়ে আজিমের বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, বিএনপির আমলে খাতায় না লিখেই বিসিএসে উত্তীর্ণ হওয়া যেত। হাওয়া ভবন থেকে লিস্ট আসত। পিএসসির সদস্যদের বলা হতো, ‘আপনারা প্রশ্ন করেছেন আপনারাই উত্তর লিখে দেন।’৮১১টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয় ও বিভাগ খাতে ব্যয় কমিয়ে বেশির ভাগ ক্ষেত্রে মাত্র এক টাকা বরাদ্দ দেওয়া, প্রতীক ছাঁটাই প্রস্তাবে ১০০ শতাংশ হ্রাস করা, মিতব্যয়ী ছাঁটাই প্রস্তাবে এক হাজার টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়।