গণিত শেখো স্বপ্ন দেখো—এর অর্থ কী? এক শিক্ষার্থীর এমন প্রশ্নে গণিত উত্সব কমিটির একজন কৌতুক করে বললেন, গণিত মনোযোগ ও পরিশ্রমের বিষয়। গণিত করতে করতে একসময় ঘুম চলে আসে; আর ঘুমালে মানুষ স্বপ্ন দেখে। তাঁকে ছাপিয়ে গেল আরেক শিক্ষার্থী। সে বলল, ‘গণিত এমন একটি বিষয়, যেটা সব কাজে লাগে। গণিত শিখলে বড় হওয়া যায়। আর এই মেধা কাজে লাগিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখা যায়।’ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো চট্টগ্রাম আঞ্চলিক গণিত উত্সবে গতকাল শনিবার এভাবে বারবার এসেছে দেশপ্রেমের কথা; মা, মাটি ও মানুষের কথা। গণিতকে সামনে রেখে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী শপথ নিয়েছে দেশ গড়ার, নিজেদের বদলানোর। আর চট্টগ্রাম আঞ্চলিক গণিত উত্সব থেকে এবার চারটি বিভাগে ৬১ জন প্রতিযোগী পেয়েছে ঢাকার মূল পর্বের টিকিট। নগরের সেন্ট প্লাসিডস স্কুলে অনুষ্ঠিত দিনব্যাপী উত্সবটি ভরপুর ছিল গণিত ও দেশ নিয়ে নানা প্রশ্ন, পরীক্ষা, গান, কবিতা ও কথামালায়। উত্সবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এতে সহযোগিতা করেন চট্টগ্রামের প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।সকালে জাতীয়, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী উত্সবের সূচনা হয়। তিনটি পতাকা উত্তোলন করেন যথাক্রমে সেন্ট প্লাসিডস স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্লাসিডস প্রদীপ গোমেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী এবং ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান সৈয়দ মাহমুদ আকতার।সোয়া এক ঘণ্টার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মেতে ওঠে গণিত নিয়ে নানা জিজ্ঞাসায়। ‘শূন্য কি জোড় না বেজোড়’, ‘ঘড়ির কাঁটা ডান দিকে ঘোরে কেন’, ‘সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মধ্যে গণিত আছে কি না’—শিক্ষার্থীদের এ রকম নানা প্রশ্নে ব্যতিব্যস্ত বিশেষজ্ঞরা।পাশাপাশি ছিল বদলের কথাও। একজন বললেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছেন। আমরা চাই, গণিত উত্সবের নিবন্ধন কার্যক্রমটাও ডিজিটাল হোক।’বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সবাই সমস্বরে শপথ নেয় মিথ্যা, মুখস্থ ও মাদককে ‘না’ বলার। নিজেদের নানা জিজ্ঞাসার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনেছে অতিথিদের কথাও।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘গণিতভীতি দূর করতে পারলে তোমাদের মধ্য থেকে একদিন কেউ সত্যেন বোস, জগদীশ বসুর মতো বিজ্ঞানী হবে। আর আমাদের প্রতিদিন একটু একটু করে বদলাতে হবে। তেমনই সব ধর্মে আছে “মিথ্যা বলা পাপ”। এ মিথ্যা বলার অভ্যাসও আমাদের পরিহার করতে হবে।’প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরীর কথায়ও সেই বদলের সুর। তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে প্রতিভার বিকাশ ঘটাতে হবে। তোমাদের মতো মেধাবীরাই গড়ে তুলতে পারে আলোকিত বাংলাদেশ।’প্রধান শিক্ষক প্রদীপ গোমেজ বলেন, গণিত উত্সবের মধ্য দিয়ে একে অন্যের সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।গণিতের মতোই যেন নিজেদের দেশপ্রেম খাঁটি করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন আগ্রাবাদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাসান উল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেনের কণ্ঠেও ছিল দেশপ্রেমের কথা।খুদে গণিতবিদদের উত্সাহ দিতে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে রৌপ্যজয়ী বাংলাদেশের আবির উল ইসলাম এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক পাওয়া নাজিয়া চৌধুরী। উত্সবে আরও বক্তৃতা করেন ডাচ্-বাংলা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মাহমুদ আকতার, প্রকৌশলী তামিম শাহরিয়ার, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সৌমেন বড়ুয়া।এর আগে পরীক্ষার পর সবাই যখন ফলাফলের চিন্তায় ব্যস্ত, তখন মঞ্চ আলো করে এল বিজিএমইএ স্কুলের শিশু-কিশোরেরা। তাদের ‘বিদ্রোহী চট্টগ্রাম’ নামের গীতি-আলেখ্যটি শিক্ষার্থীদের মুগ্ধ করে। আর বন্ধুসভা চট্টগ্রামের শিক্ষার্থীরা পরিবেশন করেন তাঁদের বৃন্দ পরিবেশনা ‘প্রাকৃতিক বিপর্যয়’। এ ছাড়া ছিল একক ও বৃন্দ সংগীত। ‘আয় আয় গণিতের আঙিনায়, দেশটা গরব আয়’ কিংবা ‘আমরা করব জয় একদিন’ সমবেত পরিবেশনাগুলোতে অংশ নিয়েছে উপস্থিত সব শিক্ষার্থী।অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনা করেন মুনির হাসান, গণিত অলিম্পিয়াড কমিটির সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহ, গণিত অলিম্পিয়াড কমিটির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক দীপেশ দাশ ও বন্ধু সিরাজুন নীরা।অনুষ্ঠানে নেসলে বাংলাদেশ প্রত্যেককে বিনা মূল্যে নুডলস ও কফি সরবরাহ করে।