মজার প্রশ্ন আর মুখস্থকে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিদীপ্ত আর মজার মজার প্রশ্ন। সঙ্গে মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার। গণিতকে ভালোবেসে নানা প্রশ্ন আর অঙ্গীকারে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো খুলনা অঞ্চলের গণিত উত্সব। উত্সব শুরুর আগেই শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসে। সঙ্গে ছিলেন শিক্ষক ও অভিভাবকেরা। গতকাল শুক্রবার সকালে খুলনা জিলা সু্কল মাঠে আয়োজিত এ উত্সবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ ও গোপালগঞ্জের ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো বন্ধুসভার খুলনার সদস্যরা।সকাল পৌনে ১০টায় খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম জাতীয় পতাকা, ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা শাখার ব্যবস্থাপক মো. মঞ্জুরুল আলম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে উত্সবের সূচনা করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পর উত্সবের উদ্বোধন ঘোষণা করেন মালেকা বেগম। স্বাগত বক্তৃতায় জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম বলেন, গণিত ভয়ের বিষয় নয়। আনন্দের ও প্রতিযোগিতার বিষয়। মালেকা বেগম বলেন, ‘সারা বছর এই গণিত উত্সবের জন্য অপেক্ষায় থাকি। খুলনা জিলা স্কুলেই প্রতিবছর উত্সব হোক এটাই কামনা।’উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীরা এক ঘণ্টার প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় অংশ নেয়। এতে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিভাগের মোট ৯৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে বিজয়ী ৬০ জনকে পুরস্কৃত করা হয়। লিখিত পরীক্ষার পর শুরু হয় উন্মুক্ত পর্ব। এ পর্বে ‘ভয় পেলে শরীরের পশম খাড়া হয় কেন? ঘড়ির কাঁটা কেন বাঁয়ে ঘোরে না? পৃথিবীর প্রথম বিজ্ঞানী কে? এমন প্রশ্ন করে অতিথিদের তাক লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। বুদ্ধিদীপ্ত উত্তর ও প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার করে। উত্সবে উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।প্রশ্নোত্তর পর্বের পর সংক্ষিপ্ত বক্তৃতা দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহসভাপতি মুহম্মদ জাফর ইকবাল, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, বিএল কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক হারুনুর রশীদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিবেন্দ্র শেখর শিকদার, মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক দীপেষ দাশ, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান ও ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রতিনিধি হাসান জুবায়ের। মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘গণিতকে ভালোবেসে সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ যে বসে থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। বিজয়ী হওয়া নয়। মানুষের মস্তিষ্ক বিশ্লেষণের জন্য। মুখস্থ করার জন্য নয়।’ তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার করান।অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনির হাসান। তাঁকে সহায়তা করেন প্রথম আলোর খুলনা বন্ধুসভার সভাপতি মনোজ কুমার মজুমদার ও সদস্য আবদুল্লাহ আল ইমরান।