মজার প্রশ্নে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের আলো সকালের কুয়াশা ভেদ করে সবেমাত্র গায়ে লাগতে শুরু করেছে। এরই মধ্যে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তাদের কারও কারও সঙ্গে অভিভাবকেরাও আছেন। গণিত বলে কথা। কেমন প্রশ্ন থাকে, বাচ্চা কেমন পরীক্ষা দেয়! এসব নিয়ে অভিভাবকদের চোখেমুখে কিছুটা চিন্তার ছাপ। কিন্তু শিক্ষার্থীরা ছিল ভিন্ন আমেজে। ক্যালকুলেটর, কম্পাস ছাড়া পরীক্ষার অভিজ্ঞতা নিতেই তাদের যত চিন্তা-অপেক্ষা। সকাল আটটা বাজতেই শিক্ষার্থীরা প্রবেশপত্র দেখিয়ে অনুষ্ঠানস্থলে যেতে ব্যস্ত হয়ে পড়ে।গতকাল শনিবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ময়মনসিংহ অঞ্চলের গণিত উত্সব শুরুর আগে এই ব্যস্ততা সারা দিনই ছিল। মজার মজার প্রশ্ন, ধাঁধা, গান, কবিতায় কেটে যায় আনন্দময় সারা দিন। উত্সবে যোগ দেয় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার ১২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৬৯ জন শিক্ষার্থী। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ উত্সবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল প্রথম আলো।সকাল সাড়ে নয়টায় বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা উত্সবের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ময়মনসিংহের জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিভাগের অধ্যাপক আব্দুল হাই এবং প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা।শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী বলেন, এত দিন জানতাম গণিত একটি ভীতির বিষয়। কিন্তু এখানে এসে মনে হচ্ছে শিক্ষার্থীরা গণিতকে আর ভয় পায় না। আগামী দিনে এই খুদে শিক্ষার্থীরাই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরবে।উদ্বোধন শেষে প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভা ও বিদ্যালয়ের গার্লস গাইডের সদস্যরা শিক্ষার্থীদের বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে নিয়ে বসান। এসব কক্ষের ফটকে পিথাগোরাস, রামানুজন, ইউক্লিডের মতো বিখ্যাত গণিতবিদদের নাম ও তাঁদের জীবনী সংক্ষিপ্তাকারে সাঁটানো ছিল। ঠিক সোয়া ১০টায় শুরু হয় সোয়া এক ঘণ্টার লিখিত পরীক্ষা। খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীসহ বন্ধুসভার সদস্যরা গান, কবিতা, কৌতুক পরিবেশন করে। স্নিগ্ধ-মুগ্ধ যমজ দুই ভাইয়ের গান সবাইকে মাতিয়ে তোলে।শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষকেরা। মজার মজার প্রশ্ন করে শিক্ষার্থীরা বই জিতে নেয়। অনুষ্ঠানের উপস্থাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসানের ধাঁধায় শিক্ষার্থীদের আনন্দ ছিল অন্য রকম। তিনি শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে না বলার অঙ্গীকার করান।সমাপনী পর্বের আগে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এ গণিত উত্সবের মধ্য দিয়ে গণিত চর্চায় শিক্ষার্থীদের বুদ্ধি ও মেধা বাড়বে। এতে ভবিষ্যতে একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক আবু শাহজালাল আজাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক আলমগীর হোসেন, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন প্রমুখ।শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে ‘উই শাল ওভার কাম’ গানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণের শুরুতে প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানার হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন আব্দুল কাইয়ুম।পরে চারটি বিভাগে বিজয়ী ৬০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।