মজিবর হত্যা মামলায় ৪ পুলিশসহ সাতজনের বিরুদ্ধে মামলা
রাজধানীর তুরাগ নদ এলাকায় মজিবর রহমান হত্যা মামলায় পুলিশের চার সদস্যসহ সাতজনকে আসামি করা হয়েছে। ২ জুলাই ভাসমান অবস্থায় পাওয়া তাঁর লাশ উদ্ধার করা হয়।আজ বুধবার মজিবরের বাবা মো. ইব্রাহীম ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন। মামলার শুনানির তারিখ ১১ জুলাই নির্ধারণ করা হয়েছে।বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলায় নিহত মজিবরের শিশু ইকবালসহ আটজনকে সাক্ষী করা হয়েছে।আসামিরা হলেন দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর, সহকারী উপপরিদর্শক সায়েম, কনস্টেবল জিয়া এবং পুলিশের সোর্স মহিবুর রহমান, কাজল ও নয়ন।নিহত মজিবর বাসস্ট্যান্ডের লাইনম্যান ছিলেন। তাঁর শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।মামলার অভিযোগে বলা হয়, ১ জুলাই বৃহস্পতিবার সকালে মজিবর তাঁর স্ত্রী শামসুন্নাহার ও ছেলে ইকবালকে নিয়ে তুরাগের ওপারে শ্বশুরবাড়ি মেলারটেকে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গোদারাঘাটে আসামিরা পরস্পর যোগসাজসে মজিবরকে আটক করেন।এ সময় তাঁকে তাঁর ছেলে ইকবালের সামনেই রাইফেলের বাট, লাঠি ও সাইকেলের চেইন দিয়ে মারধর করা হয়। এতে মজিবর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ওই রাতে তাঁকে খোঁজ করেও পাওয়া যায়নি। পরের দিন তুরাগ নদে মজিবরের ভাসমান লাশ পাওয়া যায়।এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ পুলিশের নাম বাদ দিয়ে অন্য আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন। মামলার অভিযোগে আরও বলা হয়, আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় পরিকল্পিতভাবে মজিবরকে হত্যা করেছেন।শিশু ইকবাল আদালতকে জানায়, সে নানির বাড়ি থেকে বাবার সঙ্গে বাইরে যায়। এ সময় কয়েকজন পুলিশসহ কয়েকজন লোক তার বাবাকে ধরে নিয়ে যায় এবং তার সামনেই মারধর করে।