মজুদ থেকে গুলি খোয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বরাদ্দ গোলাবারুদের মজুদ থেকে এখন পর্যন্ত কোনো গুলি খোয়া যাওয়ার প্রমাণ মেলেনি বলে দাবি করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে এক হাজার ৬০০টি গুলিসহ পাঁচ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসব গুলি পুলিশের নয় বলে দাবি করা হয়েছে। তবে গোলাবারুদ মজুদের সঠিকতা যাচাইয়ে গঠিত ছয় সদস্যের কমিটি এখনো কাজ শেষ করেনি।গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, পুলিশের মজুদের গোলাবারুদ মিলিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে এখন পর্যন্ত গুলি খোয়া যাওয়ার প্রমাণ মেলেনি।উদ্ধার হওয়া গুলিতে বিওএফ (বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি) চিহ্ন রয়েছে। বিওএফ চিহ্ন দেওয়া গুলি বাংলাদেশের পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনী ছাড়া বাইরে যাওয়ার সুযোগ নেই। তা হলে উদ্ধার করা গুলি কোত্থেকে এল, জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, বিভিন্ন সময় অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া গুলির পেছনেও বিওএফ চিহ্ন থাকে। তবে এগুলো পুলিশের গুলি হওয়ার সম্ভাবনা কম। একজন পুলিশ সদস্যকে তাঁর বরাদ্দ গুলির হিসাব দিতে হয় কড়ায়-গন্ডায়। তা ছাড়া যেসব গুলি উদ্ধার করা হয়েছে, তার অনেকগুলোর ব্যবহার পুলিশ বাহিনীতেই নেই। তা হলে এগুলো অন্য কোনো বাহিনীর গুলি কি না, জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। গুলির উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে। মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া প্রেম চাকমা ও জেনাল চাকমা একসময় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র একটি সংগঠনের সদস্য ছিলেন। তাঁদের পুরোনো সঙ্গীদের সঙ্গে যোগাযোগ থাকতে পারে। তাঁরা এসব বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। তাঁদের বক্তব্য যাচাই করা হচ্ছে। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামিদের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বিভাগীয় শাস্তির প্রক্রিয়াও চলছে।ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, এসব বিষয়ে গোয়েন্দা পুলিশের প্রধান (যুগ্ম কমিশনার) শেখ মারুফ হাসানকে প্রধান করে দুটি কমিটি করা হয়েছে। তিন সদস্যের একটি কমিটি পুলিশ সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে। গোলাবারুদের মজুদের সঠিকতা যাচাইয়ের জন্য তাঁর নেতৃত্বে ছয় সদস্যের আরেকটি কমিটি কাজ করছে। তারা গোলাবারুদ খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখছে। দুটি কমিটিরই ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।পুলিশ সূত্র জানিয়েছে, গুলিসহ পুলিশ সদস্য গ্রেপ্তারের পর থানাগুলোতে গোলাবারুদ গণনায় কড়াকড়ি আরোপ করা হচ্ছে। থানার একাধিক কর্মকর্তা জানান, থানায় নিয়মিত গণনার পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসছেন গুলির হিসাব জানতে। তাঁদের সামনেও গুলি গণনা করতে হচ্ছে। রাজারবাগ পুলিশ লাইনস, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) এবং পুলিশের অন্যান্য বিভাগে কঠোরভাবে গুলি গণনা করা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, নিয়মিত ব্যবহারের জন্য একজন পুলিশ সদস্যকে হিসাব করে গুলি দেওয়া হয়। কর্তব্য পালন শেষে তিনি সেগুলো গুনে জমা দেন। গুলি ব্যবহূত হলে সেগুলো কোথায় ব্যবহূত হচ্ছে, তারও ব্যাখ্যা দিতে হয়। তবে প্রশিক্ষণের জন্য (চাঁদমারি) ব্যবহূত গুলির হিসাবে ফাঁকফোকর থাকে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।গত ২৪ অক্টোবর রাতে ৫০০টি গুলিসহ রাজধানী থেকে গ্রেপ্তার হন পুলিশের নায়েক প্রেম চাকমা ও জেনাল চাকমা। তাঁরা অবৈধ গুলি ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। ওই সব গুলি সরবরাহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মাসুদ মিয়া নামের আরও এক পুলিশ কনস্টেবলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে রাজারবাগ পুলিশ লাইনস থেকে একটি রিভলবার, একটি ম্যাগাজিন ও এক হাজার ১০০টি গুলিসহ গ্রেপ্তার হয়েছেন সশস্ত্র উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন (৪৭) ও কনস্টেবল আবু সায়েম (২৭)। তাঁদের সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।