মজুদ নিয়ন্ত্রণে ৫৮ বছর আগের আইনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ৫৮ বছর আগের একটি আইন সংশোধন করে তা পুনঃপ্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ওই আইনের মাধ্যমে খাদ্য বিভাগ নিত্যপ্রয়োজনীয় আটটি ভোগ্যপণ্যের আমদানি, মজুদ ও বিক্রি নিয়ন্ত্রণ করতে পারবে। চলতি মাসের মধ্যে আইনটি চূড়ান্ত হতে পারে। তবে ব্যবসায়ীরা এই আইনের বিরোধিতা করে বলেছেন, এটি হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। জানা গেছে, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদবিরোধী অধ্যাদেশ ১৯৫৩-এর মাধ্যমে চাল ও ধান, গম ও গমজাত দ্রব্য, চিনি, ভোজ্যতেল, ডাল, পিঁয়াজ, গুঁড়ো দুধ, শিশুখাদ্যের (বেবি ফুড) আমদানি ও মজুদ নিয়ন্ত্রণ করা হতো। মহাজোট ক্ষমতায় আসার পর ভোজ্যতেল, ডাল ও চালের দাম অস্বাভাবিক বেড়ে গেলে আইনটি সংশোধন করে পুনঃপ্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে আইনটি নিয়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেছে।সংশোধিত নতুন আইন অনুযায়ী খাদ্যপণ্যের ব্যবসা করতে হলে খাদ্য বিভাগ থেকে লাইসেন্স নিতে হবে। আমদানি, মজুদ ও বিক্রি পরিস্থিতির মাসিক প্রতিবেদন খাদ্য বিভাগের সংশ্লিষ্টদের কাছে দাখিল করতে হবে। সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার পর কোথাও খাদ্যসামগ্রী পাওয়া গেলে, তা জব্দ করার ক্ষমতা থাকছে খাদ্য বিভাগের।আইনের খসড়ায় বলা হয়, কোনো আমদানিকারক একসঙ্গে সর্বোচ্চ ২০ হাজার মেট্রিক টন চাল মজুদ রাখতে পারবেন। গমের ক্ষেত্রে ২০ হাজার টনে সীমিত রাখতে হবে। এ ছাড়া আমদানি করা চিনি সর্বোচ্চ ১০ হাজার টন, ভোজ্যতেল ছয় হাজার, পাম তেল চার হাজার, ডাল ১০ হাজার, পিঁয়াজ ২০০, গুঁড়ো দুধ ৫০০ টন এবং শিশুখাদ্য ৫০ টনের বেশি মজুদ করা যাবে না। খসড়া আইনে এসব খাদ্যশস্য গুদামে রাখা এবং বিক্রির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোনো আমদানিকারক এসব পণ্য আমদানির পর সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত গুদামে রাখতে পারবেন। পাইকারি পর্যায়ে বিক্রি শেষ করতে হবে ৩০ দিনের মধ্যে। পাইকার সর্বোচ্চ এক হাজার মেট্রিক টন ধান-চাল, ৫০০ টন গম ও গমজাত দ্রব্য, ২০০ টন করে চিনি, ভোজ্যতেল ও ডাল এবং ২০ টন করে পিঁয়াজ ও গুঁড়ো দুধ এবং ১০ টন শিশুখাদ্য রাখতে পারবেন।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, মজুদ ও আমদানি পরিস্থিতি তদারকির মাধ্যমে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিধিটি সংশোধন করে পুনঃপ্রবর্তন করা হচ্ছে। ব্যবসায়ীদের মতামত নিয়ে চলতি মাসে তা চূড়ান্ত করা হবে। জানা গেছে, ১৯৯১ সালের ১৪ অক্টোবর তৎকালীন বিএনপি সরকারের আমলে সরকারি এক আদেশে আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়। মুক্তবাজার অর্থনীতির মধ্যে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত নয় বলে যুক্তি দেখিয়ে বিধিটি বাতিল করা হয়। জানা গেছে, গত ২৯ ডিসেম্বর খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এক বৈঠক হয়। বৈঠকে লাইসেন্স প্রথা পুনর্বহাল এবং আইনের খসড়া উপস্থাপন করা হয়। এ খসড়ার ওপর ১৫ দিনের মধ্যে ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোর মতামত চাওয়া হয়। ব্যবসায়ীদের মতামতের ওপর ভিত্তি করে ১৯৫৩ সালের সেই আইনটি পুনঃপ্রবর্তিত করা হবে।তবে ব্যবসায়ীরা আইন পুনঃপ্রবর্তনের বিরোধিতা করে বলেন, বিশ্বের কোনো দেশে এভাবে আমদানি করা খাদ্যের পরিমাণ ও সময় বেঁধে দিয়ে বিক্রির ব্যবস্থা নেই। সরকারের আমদানি সংকোচন নীতির কারণে বাজারে সরবরাহ কমে যাবে। এটি সরকারকেই বেকায়দায় ফেলবে। তাঁরা ব্যাপকহারে খাদ্যশস্য আমদানির সুযোগ করে দিয়ে প্রতিযোগিতামূলক দামে খাদ্যশস্য বিক্রির ব্যবস্থা করার প্রস্তাব দেন।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম তালুকদার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ যেখানে আধুনিক আইন করে ব্যবসা-বাণিজ্যকে সহজ করছে, সেখানে আমরা ৫৮ বছর আগের একটি পুরোনো আইন বহাল রেখে আমদানির পথে বাধা সৃষ্টি করতে চাইছি।’ তাঁরা পুরোনো ওই আইন বহাল না করে বরং কোন পণ্য কত দামে, কী পরিমাণ আমদানি হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী কত দামে সেটা বিক্রি করছেন, তা তদারকি করার ব্যবস্থাসহ কয়েকটি সুপারিশ করেন। মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, আমদানির পরিমাণ সীমিত ও গুদামে মজুদের সময় নির্ধারণ করলে সেটা হবে সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এখন কোনো ব্যবসায়ী আর ১০-২০ হাজার টন চাল-গম আনেন না। ভাড়া কমাতে ৬০-৭০ হাজার টন পণ্য ধারণ ক্ষমতার বড় বড় জাহাজে করে ভোগ্যপণ্য আনছেন।