মজুদ বাড়াতে পাঁচ নিত্যপণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিত্যপ্রয়োজনীয় পাঁচ খাদ্যপণ্য আমদানির লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পণ্যগুলো হচ্ছে চাল, গম, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল ও ছোলা। এর মধ্যে চাল আমদানির লক্ষ্যমাত্রা তিন লাখ টন থেকে চার গুণ বাড়িয়ে ১২ লাখ টন করা হয়েছে।এ ছাড়া রাষ্ট্রীয় বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) অধিকতর কার্যকর করতে প্রধানমন্ত্রীর কাছে এক হাজার কোটি টাকার তহবিল চাওয়া হবে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যপণ্য সংগ্রহসংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এসব সিদ্ধান্তের কথা জানান। এ সময় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যসচিব গোলাম হোসেন, খাদ্যসচিব বি ডি মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছর সরকারিভাবে চাল আমদানির লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ টন। তা বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টন। আর গম আমদানির লক্ষ্যমাত্রা সাত লাখ ৫০ হাজার টন থেকে বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।এ ছাড়া সয়াবিন ও পাম তেল মিলিয়ে দুই লাখ টন ভোজ্যতেল, দুই লাখ টন চিনি, ২০ হাজার টন ছোলা এবং ২০ হাজার টনের মজুদ সত্ত্বেও আরও ১০ হাজার টন মসুর ডাল আমদানি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।ফারুক খান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার কারণে সরকারের মজুদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও আমদানি কার্যক্রম অব্যাহত রাখতে হবে।বাণিজ্যমন্ত্রী আরও জানান, ভোজ্যতেল আমদানি করা হবে অপরিশোধিত আকারে। দেশীয় পরিশোধন কারখানা থেকে তা শোধন করা হবে। কাজটির সার্বিক দায়িত্বে থাকবে টিসিবি।খাদ্যমন্ত্রী বলেন, বাজারে এখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বাড়তি। সে কারণেই ওএমএস, রেশন, ফেয়ার প্রাইস কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মূল্য-পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। ওই বিবেচনা থেকেই আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী জানান, এ বছর তিন লাখ টন চাল আমদানির লক্ষ্যমাত্রা থাকলেও এরই মধ্যে তিন লাখ ৮০ হাজার টন সংগ্রহ করা হয়েছে। আরও চাল দেশে আসার প্রক্রিয়াধীন রয়েছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডে চাল পাওয়া যাচ্ছে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী জানান, ‘আগামীতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে চাল আনা হতে পারে।’