মজুদ বাড়ায় বাজারে চালের দাম কমছে
দেশের বিভিন্ন মোকাম, রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে তিন-চার দিন ধরে চালের দাম কমতে শুরু করেছে। এ সময় পাইকারি বাজারে কেজিপ্রতি দুই থেকে তিন টাকা পর্যন্ত চালের দাম কমেছে। খুচরা বাজারেও কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত কমেছে। আমন মৌসুমে উত্পাদন কম হওয়ার অজুহাতে কিছু বড় মিল মালিক ও ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ধান-চাল মজুদ রেখেছিলেন। এর ফলে কোনো কারণ ছাড়াই বাজারে চালের দাম বাড়তে থাকে। এখন সবাই বাজারে চাল ছেড়ে দেওয়ায় চালের দাম কমছে বলে জানা গেছে। কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুডের মালিক আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, আগামী বৈশাখের শুরুতে বাজারে নতুন চাল উঠে যাবে। বেশি লাভের আশায় মিল মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও অবস্থাসম্পন্ন চাষিরা ধান মজুদ রেখেছিলেন। এসব ধান এখন ছেড়ে দেওয়ায় দাম কমতে শুরু হয়েছে। তিনি জানান, গত কয়েক দিনে প্রতি মণ মিনিকেট ও গুটি স্বর্ণা চাল ও ধান মণপ্রতি ১০০ টাকার বেশি কমেছে। কয়েক দিন আগে প্রতি মণ মিনিকেট ধান বিক্রি হয়েছে এক হাজার টাকার ওপরে। বর্তমানে তা ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। দিনাজপুরের জবেদা অটো রাইস মিলের মালিক মোফাজ্জল হোসেন জানান, তাঁদের মোকামে কয়েক দিন ধরে ধান ও চালের দাম মণপ্রতি ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। আবহাওয়া ভালো থাকায় উত্পাদন ভালো হচ্ছে। ধান মজুদ রাখার বিষয়ে তিনি বলেন, একজন মিলারকে তাঁর মেশিন চালানোর জন্য যে পরিমাণ ধান প্রয়োজন হয়, সে পরিমাণ মজুদ রাখতে হয়। তবে এটি দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ নয়। বাদামতলী-বাবুবাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, বাজারে বেচাবিক্রি অনেক কমে গেছে। এ ছাড়া যারা ধান মজুদ রেখেছিল, তারা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। ফলে দাম কমতে শুরু হয়েছে। বাবুবাজারের চাল ব্যবসায়ী মনির হোসেন জমাদার জানান, তিন-চার দিন আগেও প্রতি মণ মিনিকেট চাল দেড় হাজার থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা এক হাজার ৪৫০ টাকায় নেমে এসেছে। একইভাবে এক হাজার ১৫০ টাকার মোটা চাল বর্তমানে এক হাজার ১০ থেকে এক হাজার ২০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল ছাড়া সব ধরনের চাল মণপ্রতি কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ফাকীহা রাইস এজেন্সির হিসাবরক্ষক মোতাহার হোসেন বলেন, মোকামে ও ব্যবসায়ীদের কাছে প্রচুর ধান-চাল মজুদ আছে। এ ছাড়া আগামী দেড় মাসের মধ্যে বাজারে বোরোর নতুন চাল বাজারে আসবে। এ কারণে নাজিরশাইল ছাড়া সব ধরনের চালের দাম কমেছে। জুয়েল রাইস এজেন্সির বিক্রয় প্রতিনিধি আবদুল হাই জানান, এক সপ্তাহ ধরে চালের দাম প্রতিদিনই কমছে। এ ছাড়া বাজারে বিক্রিও অনেক কমে গেছে। তিনি জানান, কিছু দিন আগেও মিল মালিকদের কাছে চাহিদা অনুযায়ী চাল সরবরাহ পাওয়া যেত না। কিন্তু বর্তমানে মিল মালিকেরা চাল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। রাজধানীর কারওয়ান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির নূরুল ইসলাম জানান, নাজিরশাইল ও মিনিকেট ছাড়া সব ধরনের চালের দাম কমেছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ আছে। গতকাল বাবুবাজারে প্রতি মণ মিনিকেট এক হাজার ৪৫০ টাকা, নাজিরশাইল এক হাজার ৪৫০ থেকে এক হাজার ৫০০ টাকা, লতা এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা, পারিজা এক হাজার ১৫০ থেকে এক হাজার ২২০ টাকা এবং গুটি স্বর্ণা এক হাজার থেকে এক হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে।