সর্বনিম্ন ছয় হাজার ৪০০ এবং সর্বোচ্চ ১১ হাজার টাকা মজুরি নির্ধারণ করে মজুরি কমিশন ঘোষণাসহ শ্রমিকদের ১৯ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আজ রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা। বিসিআইসি শ্রমিক ফেডারেশনের ডাকে আজ রোববার সকালে প্রথমে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে কারখানার প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে, পরবর্তী সময়ে কারখানার সার উত্পাদন বন্ধসহ কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এদিকে শ্রমিক-কর্মচারীদের এ বিক্ষোভ-সমাবেশের কারণে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটক দিয়ে কোনো ধরনের যানবাহন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে এ সময়ে সার সরবরাহের ব্যবস্থা বিঘ্নিত হয়। মজুরি কমিশন ঘোষণাসহ ১৯ দফা দাবিতে কারখানাটির শ্রমিক-কর্মচারীরা ২৪ অক্টোবর থেকে আন্দোলন করছেন।