মজুরি কাঠামোর প্রতিবাদে রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে ও ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হাজার হাজার পোশাকশ্রমিক বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে আটটার দিকে তাঁরা শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নেমে এসে বিভিন্ন জায়গায় অবস্থান নেন। এ সময় তাঁরা বিছিন্নভাবে দু-একটি গাড়িও ভাঙচুর করেন। পরে পুলিশ মহাখালী ও মগবাজারে রাস্তা বন্ধ করে দেয়। একপর্যায়ে শ্রমিকদের একটি বড় অংশ মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের সামনে জড়ো হয়। বেলা পৌনে ১১টার দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির রিকশা নিয়ে মাইকিং করে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন এবং রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে, কিন্তু রাস্তা অবরোধ করবেন না।শ্রমিকেরা তাঁর অনুরোধ উপেক্ষা করে অবরোধ তুলে না নিলে একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। এ সময় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন। পরে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।বেলা একটার দিকে আবার যান চলাচল শুরু হয়।এদিকে আজ বিসিএস পরীক্ষা উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসা পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। ওই সময় কোনো যানবাহন চলাচল না করায় বাড়ি ফিরতে তাঁদের দুর্ভোগ পোহাতে হয়।আজ সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে শ্রমিকেরা মহাখালীর ফ্লাইওভারের নিচ থেকে ওয়ারলেস গেট হয়ে গুলশান-১ ও ২ পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা দোকান, বাড়ি, ব্যাংক, খাবারের দোকান, অফিস, হোটেলের কাচ, পার্ক করা গাড়ি এবং বিলবোর্ড ভাঙচুর করেন।