মজুরি নির্ধারণে ১০টি বিষয় বিবেচনায় নিয়েছে বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে ১০টি বিষয় বিবেচনায় নিয়েছে মজুরি বোর্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগ থেকে নেওয়া হয়েছে ক্যালরি ব্যয়ের হিসাব। সরকারি ও বেসরকারি সংস্থার কাছ থেকে জীবনযাত্রার ব্যয় ও ২০০৬ সাল থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির হারের তথ্য নিয়ে বিচার-বিশ্লেষণ করে নতুন মজুরিকাঠামো তৈরি করা হয়েছে।মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা জজ ইকতেদার আহমেদ গতকাল শুক্রবার প্রথম আলোকে এসব কথা জানান।সর্বনিম্ন সপ্তম ধাপ বা সহকারী মেশিন অপারেটর, হেলপার পদে একজন শ্রমিকের ন্যূনতম তিন হাজার টাকা মজুরি ধরে গত বৃহস্পতিবার পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছে। এ মজুরিকাঠামোয় মালিক-শ্রমিক সব পক্ষ সই করেছে। তার পরও এ নিয়ে উভয় পক্ষের সমর্থন, দ্বিমত, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ডের বিবেচনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় চেয়ারম্যান ইকতেদার আহমেদের সঙ্গে।ইকতেদার আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট আমাদের হিসাব দিয়েছে, আট থেকে ১০ ঘণ্টা পরিশ্রম করলে পোশাক খাতের একজন পুরুষ শ্রমিকের তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৪০০ ক্যালরি ব্যয় হয়। আর নারীশ্রমিকের ব্যয় হয় দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০ ক্যালরি।’ তিনি বলেন, পোশাক শিল্প মালিক সমিতি এ ক্যালরি ব্যয়ে নারী-পুরুষ বিভেদ না করে গড়ে হিসাব দিয়েছিল দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০ ক্যালরি। তারা টাকার অঙ্কে ক্যালরি চাহিদা মেটাতে ব্যয় দেখায় ৩৫ টাকা।আর একটি শ্রমিক সংগঠন ক্যালরি চাহিদা মেটাতে পুরুষদের ৬৫ টাকা ও নারীদের ৪৮ টাকা ব্যয়ের হিসাব দেয়।শ্রম আইনানুসারে, যে ১০টি বিষয় বিবেচনা করে পোশাকশ্রমিকের মজুরিকাঠামো নির্ধারিত হয়েছে, তা হলো: জীবনযাত্রার মান, জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মূল্যস্ফীতি, শ্রমিকের কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য, দেশের ও সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়।ইকতেদার আহমেদ বলেন, পোশাক খাতে যে পণ্যটি উৎপাদন হচ্ছে, সেটি অভ্যন্তরীণ বাজারের জন্য নয়, বৈদেশিক বাজারের জন্য তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে আমাদের বিবেচনা ছিল মালিকদের সক্ষমতার বিষয়টি।’ বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক পণ্যে প্রতিযোগী দেশগুলো হচ্ছে: চীন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। ইকতেদার আহমেদ বলেন, ‘মজুরি নির্ধারণ করতে গিয়ে যদি বিশ্ববাজারে আমাদের সক্ষমতাই নষ্ট হয়, তাহলে তো দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমরা বিবেচনা করেছি।’২০০৬ সালে মজুরি বোর্ড সর্বনিম্ন সপ্তম ধাপ বা হেলপার, সহকারী পদে পোশাকশ্রমিকের জন্য ন্যূনতম মজুরির তিন ধরনের খসড়া সুপারিশ প্রস্তুত করে। এ তিন প্রস্তাবই পাঠানো হয় সরকারের কাছে। সবচেয়ে কম প্রস্তাবটিকে একটু বাড়িয়ে গ্রহণের পরামর্শ দেয় সরকার। তিন প্রস্তাবের মধ্যে ছিল: এক হাজার ৬০৪ টাকা, এক হাজার ৮৯০ ও দুই হাজার ১১৭ টাকা। ইকতেদার আহমেদ বলেন, ‘সে সময় মাঝের প্রস্তাবটি গ্রহণ করে মজুরিকাঠামো করা হলে এখন হয়তো আরও একটু মজুরি বাড়ানো যেত। আর তখন বিশ্ববাজার পরিস্থিতি ও মালিকদের সক্ষমতা তুলনামূলকভাবে বেশি ছিল।’জানা গেছে, বিগত সরকারের সবচেয়ে কম মজুরির কাঠামোটি গ্রহণ করলেও বর্তমান সরকার মালিকদের সর্বোচ্চ প্রস্তাবের ওপর আরও প্রায় দুই শ বাড়িয়ে মজুরি নির্ধারণের নির্দেশনা দেয়।মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আনুষ্ঠানিক বৈঠকে পোশাকশিল্প মালিকদের প্রতিনিধি সপ্তম গ্রেডে বা ধাপে সর্বোচ্চ দুই হাজার ৫১৩ টাকা পর্যন্ত দিতে রাজি হন। পরে একজন পোশাক-মালিক, যিনি একই সঙ্গে সাংসদও, তিনি অনানুষ্ঠানিকভাবে ৭০ ভাগ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ধরে দুই হাজার ৮২৪ টাকা পর্যন্ত মজুরি হলে দায়িত্ব নিয়ে সব মালিককে বোঝাতে পারবেন বলে আমাকে জানান।’ কিন্তু তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুলাই রাতে বিজিএমইএ নেতাদের ডেকে নিয়ে আরও প্রায় ২০০ টাকা বাড়িয়ে পোশাকশ্রমিকের সর্বনিম্ন মজুরি নির্ধারণের পরামর্শ দেন।মজুরি বোর্ডের কাছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সমীক্ষা করে ৭০ শতাংশ জীবনযাপনের ব্যয় বৃদ্ধির কথা জানায়। বাংলাদেশ ব্যাংক, বিআইডিএস ও পরিসংখ্যান ব্যুরো হিসাব দেয়, জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৩৫ শতাংশ। আর কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) হিসাব দেয়, ব্যয় বেড়েছে ৫২ শতাংশ। ইকতেদার আহমেদ বলেন, মালিকপক্ষ চেয়েছিল এগুলোকে গড় করে তার ভিত্তিতে মজুরি বাড়ানো হোক। তিনি বলেন, ‘কিন্তু আমরা ১০৮ ভাগ পর্যন্ত মজুরি বাড়িয়েছি শিক্ষানবিশ শ্রমিকের। আর ৮০ দশমিক ৪৫ ভাগ বাড়িয়েছি সপ্তম ধাপে।’উল্লেখ্য, ২০০৯ সালে সরকারি কর্মচারীদের মজুরি বৃদ্ধির হার ছিল গড়ে ৭০ শতাংশ। পোশাক খাতের মজুরিকাঠামো তৈরি করতে মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনের পৃথক বৈঠকও করে মজুরি বোর্ড। ইকতেদার আহমেদ জানান, মালিকেরা দুই হাজার ৫০০ টাকার বেশি দিতে রাজি ছিলেন না। আবার শ্রমিক সংগঠনগুলো পাঁচ হাজার টাকা দাবি করেছে। তবে শ্রমিক সংগঠনগুলো অনানুষ্ঠানিকভাবে বলেছে, তিন হাজার টাকা সর্বনিম্ন মজুরি হলে তারা খুশি হবে।’