মজুরি নিয়ে মামলায় নতুন বিতর্ক
ঘটনাটি জাহিদুল ইসলাম নামের এক শ্রমিককে নিয়ে। তাঁর কর্মক্ষেত্র ছিল একটি টেক্সটাইল কোম্পানি। ওই কোম্পানির অন্দরে বিসর্জিত হলো জাহিদের জীবনের ১৫টি সোনালি বসন্ত। বজ্রপাতটা ঘটল ২০০৭ সালের ২৯ নভেম্বর। সেদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আচমকা এল চাকরিতে ইস্তফা দেওয়ার হুকুম। নিরুপায় জাহিদ তা-ই করলেন। পদত্যাগপত্রে সই তো হলো, কিন্তু পাওনা বিলে সই আর হয় না। জাহিদ বললেন, ১৫ বছর চাকরির সুবাদে আইনত তিনি ২৭ লাখ ৩৬ হাজার ২২২ টাকা (২৭,৩৬,২২২/-) পান। মালিকপক্ষ সাকল্যে দিতে চাইল এক লাখ ৩৮ হাজার টাকা (১,৩৮,০০০/-)। জাহিদ শরণাপন্ন হলেন ঢাকার প্রথম শ্রম আদালতের। ঠুকে দিলেন শ্রম আইন, ২০০৬-এর ৩০৭ ধারায় ফৌজদারি মামলা। অভিযোগ আমলে নিয়েই আদালত মালিকপক্ষের বিরুদ্ধে গঠন করলেন চার্জ। মালিকপক্ষও কম যায় না। চ্যালেঞ্জ করে বসল চার্জ গঠনের আদেশকে। মামলা গড়াল হাইকোর্টে। রায় কিন্তু এবার জাহিদের বিপক্ষে। ‘শ্রম আইনের ৩০৭ ধারাটি ফৌজদারি প্রকৃতির ধারা। পক্ষান্তরে মজুরি ও আইনানুগ পাওনার বিষয়টি দেওয়ানি প্রকৃতির। প্রদেয় মজুরি বা আইনগত পাওনার পরিমাণ নির্ধারিত হবে শ্রম আদালতে দেওয়ানি মামলার মাধ্যমে। আদালতের আদেশ যদি কোনো পক্ষ না মানে, তবেই কেবল ৩০৭ ধারায় মামলা করা যাবে, এর আগে নয়। মজুরি আদায় বা পাওনার পরিমাণ বিষয়ে যেখানে আদালতের আদেশ কিংবা নির্দেশনা নেই; সেখানে সরাসরি ৩০৭ ধারায় মামলা দায়ের আইনের অপব্যবহার ছাড়া কিছু নয়।’১৫ ফেব্রুয়ারি ২০১১ এ সাঈদ আহমেদ চৌধুরী বনাম জাহিদুল ইসলাম জাহিদ শিরোনামের মামলায়, হাইকোর্টের দেওয়া ওই রায়ের পরিপ্রেক্ষিতে শ্রম আদালতে খারিজ হয়ে যাচ্ছে একের পর এক বহু মামলা। গত চার মাসে এক ঢাকার তিন শ্রম আদালতেই খারিজ হয়েছে তিন শতাধিক মামলা। হুমকির মুখে পড়েছে ওই আদালতগুলোতে শ্রমিকদের দায়ের করা আরও প্রায় সাড়ে সাত হাজার মামলা। তাই ওই ধারা নিয়ে শ্রমিক-সমাজসহ সংশ্লিষ্ট সব মহলে দেখা দিয়েছে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া। এর এখতিয়ার ও প্রয়োগ নিয়ে জন্মেছে নানা প্রশ্ন।‘অন্যান্য অপরাধের দণ্ড’ শিরোনামে শ্রম আইন, ২০০৬-এর ৩০৭ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি এই আইন বা কোনো বিধি, প্রবিধান বা স্কিমের কোনো বিধান লঙ্ঘন করিলে বা মানতে ব্যর্থ হইলে, এবং ইহার জন্য উহাতে অন্য কোনো দণ্ডের বিধান না থাকিলে, তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।’২০০৬ সালে শ্রম আইন হওয়ার পর থেকে ৩০৭ ধারার অধীনে ফৌজদারি মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এর কারণটা আর কিছু নয়, দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতা আর ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি। দ্রুত ন্যায়বিচারের আশায় দরিদ্র-অসহায় শ্রমিকেরা বরাবরই ঝুঁকেছে ৩০৭ ধারার দিকে। কিন্তু হাইকোর্টের ১৫ ফেব্রুয়ারির ওই রায়ের ভিত্তিতে শ্রম আদালতে ৩০৭ ধারার মামলার গণখারিজের ঘটনায় শ্রমিকেরা এখন যারপরনাই আশাহত। শ্রমিক নেতারা বলেন, প্রথম থেকেই মালিকেরা ৩০৭ ধারাকে সহজভাবে নিতে পারেননি। কারণ, এর মাধ্যমে তাঁদের বিরুদ্ধে ন্যায়বিচারের সুযোগ ছিল। কাগজ-কলমে যে আইন এখন আছে, তা শুধু মালিকের পক্ষেই যায়।এ বিষয়ে ঢাকার শ্রম আদালতের আইনজীবী সেলিম আহসান খান বলেন, ‘২০০৬ সালের আইনটি হওয়ার পর থেকে ৩০৭ ধারাটি তিনবার সংশোধন হয়েছে। শাস্তিটা প্রথমে ছিল তিন মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা জরিমানা। তারপর কমে হলো ২৫ হাজার টাকা জরিমানা, সর্বশেষ পাঁচ হাজার টাকা জরিমানা। প্রকৃতপক্ষে ৩০৭ ধারার কারণে অগণিত শ্রমিক তাঁদের হারানো চাকরি ও ন্যায্য পাওনা ফিরে পেয়েছেন। রায়ে সরাসরি ফৌজদারি মামলার সুযোগ বন্ধ করা হয়েছে। তাতে শ্রমিকদের অধিকার আদায়ের পথ অনেকটা রুদ্ধই করা হলো। ফৌজদারি মামলা করলে মালিকপক্ষ সম্মানহানির ভয়ে তড়িঘড়ি করে দেনা-পাওনা দিয়ে দিতে চায় বা শ্রমিকের সঙ্গে সহসা একটা সমঝোতায় উপনীত হতে চায়। তাতে অসহায় শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে বাঁচার সুযোগ পান।’ ঢাকার শ্রম আদালতের আরেক আইনজীবী এ কে এম নাসিম উদ্দিন বলেন, ‘এ রায়ের কোথাও শ্রমিকদের আইনগত পাওনাকে অস্বীকার করা হয়নি। ৩০৭ ধারাটি দণ্ড প্রদানের ধারা, মজুরি নির্ধারণ বা প্রদানের ধারা নয়। আইনানুগ প্রক্রিয়ায় নির্ধারিত মজুরি নির্ধারিত সময়ে মালিকপক্ষ প্রদানে ব্যর্থ হলে পরে বিষয়টিকে অপরাধ গণ্য করে এ ধারায় মালিকের শাস্তি দাবি করা যাবে। এ আইনগত বাস্তবতায় শ্রমিকদের অধিকারভোগটা কিছুটা বিলম্বিত হবে সত্য। সে বিবেচনায় তাঁরা কিছুটা ক্ষতিগ্রস্তও হবেন বৈকি। তবে এ ধারার অপব্যবহারের নজিরও (রায়ের আগে) কিন্তু কম নয়।’৩০৭ ধারার এই এখতিয়ারগত বিষয়টি এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।