মজুরিবৈষম্য দূর করার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পে নতুন মজুরিকাঠামো নিয়ে কোনো বৈষম্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করার আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আর এই বৈষম্যের কথা তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শ্রমিক অসন্তোষ পরিস্থিতি নিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে গতকাল রোববার সচিবালয়ে খন্দকার মোশাররফ হোসেন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাহারা খাতুন পৃথক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।আর সামগ্রিক পরিস্থিতি নিয়ে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছে না শ্রমিকেরা এ ধরনের কিছু করতে পারে। ঘটনার পেছনে অন্য কোনো ইন্ধন থাকতে পারে।’ এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করতে না পারলে এ ধরনের ঘটনা বারবার ঘটবে বলেও মত দেন তিনি।শ্রমমন্ত্রী বলেন, সব আনুষ্ঠানিকতা শেষ করে নতুন মজুরিকাঠামো ঘোষণা করা হয়। এর পরও নতুন কাঠামোতে কিছু বৈষম্য রয়েছে। এ পরিস্থিতিতে মন্ত্রী শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কোনো অভিযোগ থাকলে তা সরকারকে জানান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ গাড়ি ভাঙচুর বা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সাহারা খাতুনও কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষার ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে ষড়যন্ত্র হচ্ছে। সরকার সব সময়ই পোশাকশিল্পের পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু হলেই শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন, গাড়ি ভাঙচুর করেন, কারখানা ও গাড়িতে আগুন দেন। তিনি জানান, গতকাল শ্রমিক অসন্তোষের সময় চট্টগ্রামে ৫৬ জন এবং ঢাকায় ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। চট্টগ্রামে পুলিশের সহকারী কমিশনার হাসান গুলিবিদ্ধ হয়েছেন।শ্রমিকদের সঙ্গে লুঙ্গি পরা লোকজন রাস্তায় নেমেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাহলে কি ধরে নিতে হবে শ্রমিকেরা অস্ত্র নিয়ে কাজে যায়?’ তিনি সরকারের কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, ‘এভাবে ঘটনা ঘটতে দেওয়া যায় না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এভাবে আইন নিজের হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না।’বৈঠক দুটিতে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কর্মকর্তা, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র উপস্থিত ছিলেন।এ বিষয়ে আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন করা হয়েছে, শ্রমিকেরা এ মজুরি ঘরেও নিয়ে গেছেন। কিন্তু তারপর কেন এ বিক্ষোভ? তিনি বলেন, ভুল বোঝাবুঝি হতেই পারে, ক্ষোভও থাকতে পারে। কিন্তু এ জন্য এভাবে কারখানা ভাঙচুর, রাস্তায় গাড়ি ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, স্থানীয় ইপিজেড এলাকায় কারখানা ভাঙচুর ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিজিএমইএর স্থানীয় নেতারা। গতকাল নগরের আগ্রাবাদে বিজিএমইএ কার্যালয়ে এক জরুরি বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী। এ সময় বিজিএমইএর সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহ ও পরিচালকেরা উপস্থিত ছিলেন। নাছির উদ্দিন চৌধুরী বলেন, বহিরাগত উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা এ ধরনের তাণ্ডব চালিয়েছে। পোশাক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।ইয়াংওয়ান: গত শনিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গ্রুপের কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষকে বহিরাগত দুষ্কৃতকারীদের অত্যন্ত সুসংগঠিত হামলা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে একই সময়ে সাতটি স্থানে হামলাকে রহস্যজনক মনে করে তারা। সহিংস ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছে তারা। ঢাকার গুলশানের একটি সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং গতকাল রোববার এ বক্তব্য দেন। কিহাক সুং বলেন, ‘বারবার জানানো সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পাওয়া যায়নি। এরপর বিষয়টি আমাদের রাষ্ট্রদূতকে জানানো হয়। পরে রাত নয়টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ইয়াংওয়ানের জিম্মি থাকা কর্মকর্তাদের উদ্ধার করা হয়।’ কিহাক সুং জানান, গত শনিবার বিকেল চারটা ১০ মিনিটে কিছু অপরিচিত দুষ্কৃতকারী, যারা ইয়াংওয়ানের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, তারা একযোগে ইয়াংওয়ানের সাতটি স্থাপনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। কারখানার যন্ত্রপাতি ও যানবাহনসহ বিভিন্ন জিনিসপত্রের ব্যাপক ক্ষতি করে। ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যানের দাবি, দুষ্কৃতকারীরা শ্রমিকদের একটি রক্তমাখা কাগজ দেখিয়ে বলে, তাদের তিনজন শ্রমিককে হত্যা করা হয়েছে। ওই মৃতদেহ খোঁজার কথা বলে তারা কারখানার অভ্যন্তরে ঢুকতে চায়। এই সময়ে দুষ্কৃতকারীরা প্রতিষ্ঠানটির একজন নির্বাহী পরিচালক এবং একজন উপপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর আক্রমণ করে। তিনি বলেন, গুরুতর আহত কর্মকর্তারা বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ইয়াংওয়ান বলেছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) দিকনির্দেশনা অনুযায়ী ৬ ডিসেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়। এর পরও ইয়াংওয়ানের বিভিন্ন কারখানার কিছু শ্রমিক তাঁদের মজুরির বিষয়ে আপত্তি জানান। এ নিয়ে কর্তৃপক্ষ শনিবার সকালে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে আগামী বার্ষিক প্রণোদনার (ইনক্রিমেন্ট) সময় অর্থাৎ ২০১১ সালের ১ জানুয়ারি থেকে দাবি সমন্বয় করার আশ্বাস দেওয়া হয়। এরপর শ্রমিকেরা সবাই কাজে ফিরে যান বলে দাবি করে ইয়াংওয়ান কর্তৃপক্ষ।