মঞ্চ থেকে চলচ্চিত্রে দীপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপক সুমনের অভিনয়ের শুরুটা হয়েছিল আরণ্যক নাট্যদল দিয়ে। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন রাঢ়াঙ, এবং বিদ্যাসাগর, ময়ূর সিংহাসন, উপরওয়ালা, মঙ্গাকাহিনি এবং থিয়েটারওয়ালা রেপার্টরির শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস নাটকে। এ ছাড়া পথনাটক আগুনের ডালপালায় অভিনয় করেছেন তিনি। নির্দেশনা দিয়েছেন ‘ইডিপাস’ অবলম্বনে আরণ্যকের নিরীক্ষাধর্মী নাটক ইতি ইয়োকাস্তে এবং হুমায়ুন আজাদের পাক সার জমিন সাদ বাদ অবলম্বনে তীরন্দাজ নাট্যদলের নাটক অনৈতিহাসিক। এবার মঞ্চের এই অভিনেতা অভিনয় করছেন চলচ্চিত্রে, নাম না মানুষ। পরিচালনা করছেন অনিমেষ আইচ। আগামী ১৭ ডিসেম্বর থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। দীপক সুমন বলেন, ‘মঞ্চে কাজের শুরু থেকেই আমার লক্ষ্য ছিল চলচ্চিত্রে অভিনয়। এর ফাঁকে অবশ্য কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছি।’ জানালেন, চলচ্চিত্রে তাঁর চরিত্রটির নাম ‘আকালু’। এটি না মানুষ ছবির কেন্দ্রীয় চরিত্র। ছবিতে আরও অভিনয় করছেন সিমলা ও মৌমি।