মঞ্চনাটকে সংগীতের কাজ করে আনন্দ পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক নীল জোছনায় কালো সাপ। এটি রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। এতে অভিনয় করছেন আহসান হাবিব। কথা হলো তাঁর সঙ্গে।মালয়েশিয়া নাকি যাচ্ছেন?ঠিকই শুনেছেন। আজ (রোববার) সন্ধ্যায় মালয়েশিয়া যাচ্ছি। সঙ্গে আরও যাচ্ছেন অপূর্ব, নোভা আর হিল্লোল। কুয়ালালামপুর এবং লঙ্কাউইতে তিনটি নাটকের শুটিং করব। পরিচালক দুজন—রায়হান খান ও ডলি ইকবাল। এগুলো ভালোবাসা দিবস ও পয়লা বৈশাখের জন্য নির্মিত হচ্ছে। ‘নীল জোছনায় কালো সাপ’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে বলুন।এখানে তারেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিস্থিতির সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলে। একসময় পরিবার এবং বন্ধুদের কাছ থেকে দূরে সরে যায়। তারপর পালিয়ে বেড়াতে হয়। আমার সঙ্গে একটি মেয়ের প্রেম হয়। এরপর আমার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসে। টিভি নাটকে এখন আপনার ব্যস্ততা কেমন?আমি এখন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছি। তাই এখন আর খুব বেশি কাজ করতে পারি না। সবকিছুর সঙ্গে সমঝোতা করে তবেই নাটকে কাজ করছি। এখন আমার অভিনীত কয়েকটি নাটক টিভিতে দেখানো হচ্ছে—এনটিভিতে ধূপছায়া, বিটিভিতে কালো ধোঁয়া, চ্যানেল আইতে স্বপ্নবাজার। আরও একটি ধারাবাহিকের কাজ করছি, অসীম গোমেজের নীল। আপনি তো মঞ্চে ‘মহাজনের নাও’ নাটকের সংগীত পরিচালনা করেছেন। এখানে মোট ২৪টি গান আছে। গানগুলো সঠিকভাবে উপস্থাপনের দিকে আমি বেশি নজর দিয়েছি। আমি একসময় গণসংগীতের সঙ্গে জড়িত ছিলাম। সেই ধারাবাহিকতায় মঞ্চে রূপবতী ও তীর্থঙ্কর নাটকের গানের সুর ও সংগীত পরিচালনা করেছি। আসলে মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি সংগীতের কাজ করে আনন্দ পাই। মঞ্চে সুবচনের নতুন নাটকের খবর কী?ম্যাড নামে একটি নাটক মঞ্চে এসেছে। বিভিন্ন প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার ওপর ভিত্তি করে নাটকটি তৈরি হয়েছে। নাটকটি মঞ্চ এবং পথনাটক আকারে তৈরি করা হয়েছে।