মঞ্চে আজ ‘কবর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি হচ্ছে। ঢাকার মঞ্চে নাটকের এ দলটির প্রথম নাটক ছিল কবর। মুনীর চৌধুরীর লেখা থেকে নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। নাটকটিতে তখন অভিনয় করেছিলেন আলী যাকের, মামুনুর রশীদ, সুভাষ দত্ত, ইনামুল হক, মুজিব বিন হক, নাজমুল হোসাইন প্রমুখ। আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ জানান, প্রতিষ্ঠার ৪০ বছর উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী উৎসব আয়োজন করছে আরণ্যক। থাকছে নানা কর্মসূচি। আজ থেকে শুরু হচ্ছে তা।বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করা হবে সূর্যাস্তের মুহূর্তে। অনুষ্ঠানমালায় থাকছে নাট্যে-ভাষ্যে-গীতে-স্থাপত্যে ‘একুশ’, কবর নাটকের শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা এবং কবর নাটকের স্মারক অভিনয়।তিনি বলেন, ‘পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিষ্ঠার ৪০ বছর আমরা আজ সবার সঙ্গে উদ্যাপন করব।’